নারায়ণগঞ্জে আলোচনায় ‘ডোনাল্ড ট্রাম্প’, ৭০০ কেজির গোলাপি মহিষ বিক্রি

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

১২ মে, ২০২৬, ১ ঘন্টা আগে

নারায়ণগঞ্জে আলোচনায় ‘ডোনাল্ড ট্রাম্প’, ৭০০ কেজির গোলাপি মহিষ বিক্রি

পবিত্র Eid al-Adha সামনে রেখে নারায়ণগঞ্জের বিভিন্ন খামারে কোরবানির পশু কিনতে ভিড় বাড়ছে। তবে শহরের পাইকপাড়া এলাকার ‘রাবেয়া অ্যাগ্রো ফার্ম’-এ পশু কেনার চেয়ে দর্শনার্থীদের আগ্রহ বেশি একটি বিশেষ মহিষকে ঘিরে। প্রায় ৭০০ কেজি ওজনের গোলাপি রঙের অ্যালবিনো জাতের ওই মহিষের নাম রাখা হয়েছে Donald Trump-এর নামে।

খামার কর্তৃপক্ষ জানিয়েছে, ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষটি ইতোমধ্যে ৩ লাখ ৮৫ হাজার টাকায় বিক্রি হয়েছে।

খামারে গিয়ে দেখা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে মহিষটির ছবি ভাইরাল হওয়ার পর প্রতিদিনই অসংখ্য মানুষ সেটিকে দেখতে ভিড় করছেন। কেউ ছবি তুলছেন, কেউ আবার পরিবার নিয়ে এসে কাছ থেকে দেখছেন ব্যতিক্রমী এই প্রাণীটিকে।

খামারের গরু-মহিষের দেখাশোনাকারী রাখাল জুবায়ের, মুকারিম ও আহাদ জানান, ফার্মের পশুগুলোর মজার মজার নাম রাখা হয়। তাদের ভাষ্য অনুযায়ী, মালিক জিয়া উদ্দিন মৃধার ছোট ভাই নুরুদ্দিন আহমেদ মজা করেই গোলাপি মহিষটির নাম ‘ডোনাল্ড ট্রাম্প’ রেখেছেন।

মহিষটির দেখাশোনাকারী আরেক রাখাল মোহাম্মদ খালেক বলেন, “আমরা সাধারণত কালো মহিষ দেখে অভ্যস্ত। কিন্তু এই গোলাপি মহিষ আমাদের দেশের সাধারণ জাত নয়। এর চুলও অন্য গোলাপি মহিষের মতো কোঁকড়ানো নয়, বরং মানুষের চুলের মতো সোজা।”

তিনি জানান, মহিষটির বিশেষ যত্ন নেওয়া হয়। প্রতিদিন নির্দিষ্ট সময় অনুযায়ী খাবার দেওয়া হয়। খাদ্যতালিকায় রয়েছে ভুট্টা, সয়াবিন, খৈল, গমের ভুসি, তিলের খৈল, ধানের কুঁড়া, খড় ও সবুজ ঘাস।

খামারের মালিক জিয়া উদ্দিন মৃধা জানান, সাড়ে তিন বছর বয়সী এই মহিষটি প্রায় দেড় মাস আগেই ঢাকার এক ক্রেতার কাছে বিক্রি করা হয়েছে। লাইভ ওয়েট হিসেবে প্রতি কেজি ৫৫০ টাকা দরে এর মূল্য নির্ধারণ করা হয়।

তিনি বলেন, “শুধু এই মহিষ নয়, আমি ২০০টি গরু, ৮টি মহিষ ও ১৫টি ভেড়া পালন করেছি। ৭০ হাজার টাকা থেকে শুরু করে বড় বাজেটের গরুও ছিল। কম বাজেটের ক্রেতাদের জন্য ভেড়াও রেখেছিলাম। সব পশুই বিক্রি হয়ে গেছে।”

জিয়া উদ্দিন আরও জানান, গত বছর কোরবানির ঈদের প্রায় এক মাস পর রাজশাহী সিটি পশুর হাট থেকে মহিষটি কেনা হয়েছিল। এরপর সেটিকে তার খামারে লালন-পালন করা হয়।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল মান্নান জানান, এ বছর নারায়ণগঞ্জে কোরবানির পশুর চাহিদা প্রায় ১ লাখ ৩ হাজার। জেলার ৬ হাজার ৫৩৫টি খামারে মোট ১ লাখ ১৩ হাজার পশু প্রস্তুত রয়েছে।

তিনি আরও বলেন, গত বছরের তুলনায় এবার নারায়ণগঞ্জের খামারগুলোতে বেশি সংখ্যক গরু ও পশু প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকেও ব্যবসায়ীরা জেলার হাটগুলোতে পশু নিয়ে আসবেন।

— পত্রিকা একাত্তর

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news