ব্রাজিলিয়ান সিরি ‘আ’-তে রোববার এক বিতর্কিত ঘটনার জন্ম দিলেন ব্রাজিল তারকা নেইমার। সান্তোসের হয়ে খেলতে নেমে ম্যাচের মাঝপথে ভুলবশত তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। পরে বিষয়টি বুঝতে পেরে ম্যাচ কর্মকর্তাদের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন তিনি।
সেদিন কুরিতিবার কাছে ৩-০ গোলে হেরে যায় সান্তোস।
ম্যাচের ৬৫ মিনিটে মাঠের ডাগআউটের বিপরীত পাশে চিকিৎসা নিচ্ছিলেন ৩৪ বছর বয়সী নেইমার। এ সময় চতুর্থ রেফারি বদলির বোর্ডে ১০ নম্বর জার্সিধারী নেইমারকে তুলে নেওয়ার সংকেত দেখান। তবে তখন তিনি সেটা দেখতে পাননি।
কিছুক্ষণ পর মাঠে ফেরার জন্য প্রস্তুত হলে দেখা যায় খেলা ইতোমধ্যেই শুরু হয়ে গেছে এবং তার বদলি হিসেবে মাঠে নেমেছেন রবিনিও জুনিয়র। তিনি ব্রাজিলের সাবেক তারকা রবিনিওর ছেলে।
নেইমার মাঠে ঢুকতে গেলে রেফারি তাকে থামিয়ে বাইরে যেতে বলেন। এতে ক্ষুব্ধ হয়ে চতুর্থ রেফারির কাছে বদলির কাগজ দেখতে চান তিনি।
পরে জানা যায়, সান্তোস কোচ কুকা আসলে ৩১ নম্বর জার্সিধারী গনজালো এস্কোবারকে তুলতে চেয়েছিলেন। কিন্তু ভুল করে বদলির কাগজে অন্য নম্বর লেখা হয়। খেলা শুরুর আগেই সেই ভুল ধরা পড়েনি।
ঘटनাটি ঘটে এমন সময়ে, যখন ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণার মাত্র একদিন বাকি। কোচ কার্লো আনচেলত্তির নজরে জায়গা করে নেওয়ার জন্য এটি ছিল নেইমারের শেষ সুযোগগুলোর একটি।
হাঁটুর অস্ত্রোপচারের পর চলতি মৌসুমে ধীরে ধীরে মাঠে ফিরেছেন নেইমার। এবারের লিগে ১৬ ম্যাচের মধ্যে মাত্র ৮টিতে খেলেছেন তিনি। তবে এর মধ্যেই করেছেন ৪ গোল। পাশাপাশি দেখেছেন ৫টি হলুদ কার্ডও।
এই হারের ফলে সান্তোস নেমে গেছে ব্রাজিলিয়ান সিরি ‘আ’-এর রেলিগেশন জোনে।

