ভারতের Tamil Nadu-এর নবনিযুক্ত মুখ্যমন্ত্রী Joseph Vijay ওরফে ‘থালাপতি’ বিজয় নাগরিক অধিকার রক্ষা ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থানের বার্তা দিয়েছেন। মঙ্গলবার (১২ মে) সকালে দেওয়া এক বক্তব্যে তিনি জানান, তার সরকার সাম্প্রদায়িক সহিংসতা বা নাগরিক নির্যাতনের ঘটনায় কোনো ধরনের ছাড় দেবে না।
মুখ্যমন্ত্রী বলেন, অপরাধী যে ধর্মেরই হোক না কেন, আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ করা হবে। নাগরিক অধিকার রক্ষা করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।
বিজয় বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সরকার কঠোরভাবে কাজ করবে এবং কোনো ধরনের উসকানি বা সহিংসতা বরদাশত করা হবে না।
ক্ষমতায় আসার পর প্রথম বড় সিদ্ধান্ত হিসেবে রাজ্যজুড়ে ৭০০-এর বেশি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তার নির্দেশ অনুযায়ী, তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন (টাসম্যাক) পরিচালিত ৭১৭টি মদের দোকান অবিলম্বে বন্ধ করা হবে। এসব দোকানের বেশিরভাগই মন্দির, মসজিদ, গির্জা, শিক্ষা প্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের আশপাশে অবস্থিত ছিল।
সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে রাজ্যে টাসম্যাকের অধীনে ৪ হাজার ৭৬৫টি মদের দোকান রয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, কোনো ধর্মীয় স্থান, স্কুল-কলেজ বা জনবহুল বাসস্ট্যান্ডের ৫০ মিটারের মধ্যে মদের দোকান রাখা যাবে না।
বন্ধ হতে যাওয়া দোকানগুলোর মধ্যে ২৭৬টি ধর্মীয় প্রতিষ্ঠানের কাছে, ১৮৬টি শিক্ষা প্রতিষ্ঠানের কাছে এবং ২৫৫টি বাসস্ট্যান্ডের আশেপাশে অবস্থিত বলে জানা গেছে।
গত রোববার ৫১ বছর বয়সী অভিনেতা-রাজনীতিক বিজয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। তার রাজনৈতিক দল টিভিকে (তামিলাগা ভেট্ট্রি কাজাগাম) এবারের নির্বাচনে দীর্ঘদিনের ডিএমকে ও এআইএডিএমকের রাজনৈতিক আধিপত্য ভেঙে সরকার গঠন করে।
কংগ্রেস, বামপন্থী দল ও মুসলিম লিগসহ বিভিন্ন দলের সমর্থনে গঠিত হয়েছে নতুন জোট সরকার। ক্ষমতায় আসার পর থেকেই সামাজিক সংস্কার ও জনকল্যাণমূলক উদ্যোগে গুরুত্ব দিচ্ছেন বিজয়।
ইতোমধ্যে তিনি বিনামূল্যে ২০০ ইউনিট বিদ্যুৎ প্রদান, নারীদের নিরাপত্তায় বিশেষ বাহিনী গঠন এবং জেলাভিত্তিক মাদকবিরোধী ইউনিট চালুর মতো বেশ কয়েকটি উদ্যোগের অনুমোদন দিয়েছেন।
তবে বিশ্লেষকদের একাংশ মনে করছেন, বিপুল সংখ্যক মদের দোকান বন্ধের ফলে রাজ্য সরকারের আয়ে প্রভাব পড়তে পারে, যা বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের অর্থায়নে চাপ সৃষ্টি করতে পারে।
— পত্রিকা একাত্তর

