যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত নিরসনে তেহরানের দেওয়া ১৪-দফা প্রস্তাব মেনে নেওয়া ছাড়া ওয়াশিংটনের সামনে আর কোনো কার্যকর বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, “চলমান সংঘাত নিরসনে ইরানের ১৪-দফা প্রস্তাব মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের কাছে আর কোনো কার্যকর বিকল্প নেই।”
তিনি আরও বলেন, “১৪-দফা প্রস্তাবে বর্ণিত ইরানি জনগণের অধিকার স্বীকার করা ছাড়া অন্য কোনো পথ নেই।”
গালিবাফের ভাষ্য অনুযায়ী, অন্য যেকোনো কৌশল সম্পূর্ণ ব্যর্থতায় পর্যবসিত হবে। তিনি বলেন, “অন্য যেকোনো পন্থা সম্পূর্ণ নিষ্ফল হবে; একের পর এক ব্যর্থতা ছাড়া আর কিছুই নয়। তারা যত গড়িমসি করবে, আমেরিকান করদাতাদের এর জন্য তত বেশি মূল্য দিতে হবে।”
বিশ্লেষকদের মতে, গালিবাফের এ বক্তব্যে তেহরানের বর্তমান কৌশলের প্রতিফলন ঘটেছে। এর মাধ্যমে একদিকে যেমন দৃঢ় অবস্থানের বার্তা দেওয়া হয়েছে, অন্যদিকে ওয়াশিংটনের অর্থনৈতিক স্বার্থের বিষয়টিও সামনে আনা হয়েছে। পাশাপাশি প্রতিরোধকে জাতীয় অধিকার রক্ষার অংশ হিসেবে তুলে ধরা হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যকার সরাসরি সামরিক সংঘাতের পর অঞ্চলজুড়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যেই যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবের জবাব পাকিস্তানের মধ্যস্থতায় পাঠিয়েছে তেহরান।
তবে ইরানের ওই জবাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট Donald Trump। তিনি বলেন, “আমি মাত্রই ইরানের তথাকথিত প্রতিনিধিদের পাঠানো জবাবটি পড়লাম। এটি আমার পছন্দ হয়নি— একেবারেই অগ্রহণযোগ্য।”
— পত্রিকা একাত্তর

