পৌনে দুই মিনিটের বক্তব্যে ত্রাণমন্ত্রীকে ৪৯ বার ‘স্যার’ বললেন পৌর প্রশাসক

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

১২ মে, ২০২৬, ১ ঘন্টা আগে

পৌনে দুই মিনিটের বক্তব্যে ত্রাণমন্ত্রীকে ৪৯ বার ‘স্যার’ বললেন পৌর প্রশাসক

লালমনিরহাট পৌরসভার প্রশাসক (ডিডিএলজি) মো. রাজীব আহসান এক মিনিট ৪৫ সেকেন্ডের বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী Asadul Habib Dulu-কে ৪৯ বার ‘স্যার’ সম্বোধন করেছেন। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ স্থানীয় বিভিন্ন মহলে আলোচনা সৃষ্টি হয়েছে।

সোমবার (১১ মে) সন্ধ্যায় লালমনিরহাট রেলওয়ে স্টেশনের রিকশা স্ট্যান্ড এলাকায় আয়োজিত আধুনিক স্ট্রিট লাইট উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন লালমনিরহাট পৌরসভার প্রশাসক মো. রাজীব আহসান। মাত্র এক মিনিট ৪৫ সেকেন্ডের ওই বক্তব্যে তিনি ৪৯ বার ‘স্যার’ শব্দটি ব্যবহার করেন।

অনুষ্ঠানে জানানো হয়, লালমনিরহাট শহরকে স্মার্ট ও আধুনিক নগরীতে রূপান্তরের লক্ষ্য নিয়ে এই আলোকসজ্জা প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। রাজশাহী শহরের আদলে পর্যায়ক্রমে পুরো জেলা শহরকে নান্দনিকভাবে সাজানোর পরিকল্পনার কথাও তুলে ধরা হয়।

সংশ্লিষ্টরা জানান, নতুন স্ট্রিট লাইট স্থাপনের ফলে শহরের নিরাপত্তা বাড়বে এবং রাতের সৌন্দর্যও বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক, পুলিশ সুপার আসাদুজ্জামানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা।

জানা গেছে, ত্রাণমন্ত্রীর বিশেষ উদ্যোগে প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে রেলস্টেশন থেকে সার্কিট হাউস পর্যন্ত বিশেষ আলোকসজ্জার কাজ সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে এ প্রকল্প পুরো শহরে সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান।

— পত্রিকা একাত্তর

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news