মুমিন একই ভুল দুইবার করে না: হাদিসের শিক্ষা
সহিহ বুখারির হাদিসে মুমিনকে সরল ও ক্ষমাশীল হওয়ার পাশাপাশি অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার কথা বলা হয়েছে
ধর্ম ডেস্ক · ঢাকা
প্রকাশ:
মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। জীবনের পথ চলতে গিয়ে মানুষ কখনো কখনো ভুল করে ফেলে। তবে একজন মুমিনের বৈশিষ্ট্য হলো, তিনি ভুল থেকে শিক্ষা নেন এবং একই ভুল বারবার করার ব্যাপারে সতর্ক থাকেন। নবীজি (সা.) বলেছেন, ‘মুমিন একই গর্ত থেকে দুইবার দংশিত হয় না।’ (সহিহ বুখারি ৬১৩৩)
বিজ্ঞাপন
এই হাদিসে মুমিনের জীবনের একটি গুরুত্বপূর্ণ নীতি বলা হয়েছে। একজন মুমিন সরল ও ক্ষমাশীল হবেন, কিন্তু অসতর্ক হবেন না। কারও আচরণে প্রতারিত হলে তিনি সেই ঘটনা থেকে শিক্ষা নেবেন। একইভাবে কোনো সিদ্ধান্তের কারণে ক্ষতির মুখে পড়লে তিনি নিজের ভুল বিশ্লেষণ করবেন এবং ভবিষ্যতে যেন সেই ভুল আর না হয়, সে বিষয়ে সচেতন থাকবেন।
ভুল মানুষের জীবনেরই অংশ। কিন্তু একই ভুল বারবার করা বিচক্ষণতার পরিচয় নয়। একজন বুদ্ধিমান মানুষ নিজের অভিজ্ঞতাকে কাজে লাগান। কোথায় ভুল করেছেন, কেন করেছেন এবং ভবিষ্যতে কীভাবে তা এড়ানো যায়, সে নিয়ে তিনি ভাবেন। এতে তাঁর অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হয় এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পরিপক্বতা আসে।
জীবনে ভুল বা ব্যর্থতা এলে হতাশ না হয়ে তা থেকে শিক্ষা নেওয়া উচিত। নিজের ভুলকে সংশোধনের সুযোগ হিসেবে দেখা দরকার। অতীতের অভিজ্ঞতা ভবিষ্যতের পথচলাকে আরও সতর্ক ও সুন্দর করে তুলতে পারে।