রাষ্ট্রদূত মালেকা পারভীন: লালন শাহের দর্শন এখনও প্রাসঙ্গিক
থিম্পুতে ফকির লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উদযাপন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
শনিবার ভুটানের রাজধানী থিম্পুতে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত ফকির লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস পালন অনুষ্ঠানে রাষ্ট্রদূত মালেকা পারভীন স্বাগত বক্তব্যে উপস্থিতদের স্বাগত জানিয়ে লালন শাহের দর্শনের বর্তমান প্রাসঙ্গিকতা তুলে ধরেন।
বিজ্ঞাপন
রাষ্ট্রদূত মালেকা পারভীন বলেন, “লালন শাহের গান ও দর্শন জাতি, ধর্ম, বর্ণ ও সামাজিক অবস্থানের ঊর্ধ্বে উঠে সাম্য, ভালোবাসা ও সম্প্রীতির চিরন্তন আদর্শ তুলে ধরে। ধর্মীয় সংকীর্ণতা ও সামাজিক বৈষম্য অতিক্রম করে তার এই দর্শন আজও বিশ্বজুড়ে মানবতাবাদী চিন্তাবিদ ও মানবিক মূল্যবোধে বিশ্বাসীদের অনুপ্রেরণা জুগিয়ে চলেছে।” তিনি আরও যোগ করেন, “সহনশীলতার বিষয়ে লালনের দর্শন বর্তমান সময়েও অত্যন্ত প্রাসঙ্গিক। বাংলাদেশের সমৃদ্ধ লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ হিসেবে লালনের সৃষ্টি দেশের অসাম্প্রদায়িক, উদার ও মানবতাবাদী পরিচয়কে তুলে ধরে।”
অনুষ্ঠানে লালন শাহের জীবন, দর্শন ও সংগীতজীবনের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সাংস্কৃতিক পর্বে রয়্যাল ইনস্টিটিউট অব পারফর্মিং আর্টস (রাপা)-এর শিল্পীরা এবং ভুটানে কর্মরত বাংলাদেশি প্রবাসী চিকিৎসক নাদিয়া নাসরিন লালনের জনপ্রিয় আধ্যাত্মিক গান পরিবেশন করেন। উপস্থিতদের মধ্যে ভুটানের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, বিভিন্ন দেশের কূটনৈতিক কোরের সদস্য ও জাতিসংঘের প্রতিনিধিরা ছিলেন।