কানসাসে ফুটবল মাঠে ট্রাক ঢুকিয়ে ২ জন নিহত
উইচিটা শহরের শিশুদের খেলা চলাকালে ঘটনা, আহত ১১ জন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যের উইচিটা শহরে শিশু-কিশোরদের একটি ফুটবল ম্যাচ চলাকালে মাঠের ভেতর ট্রাক ঢুকিয়ে দেন এক নারী। গতকাল শনিবার এ ঘটনায় ট্রাকে পিষ্ট হয়ে ৬ বছর বয়সী এক শিশু ও ৩৫ বছর বয়সী একজন প্রাপ্তবয়স্ক নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আহত ১১ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
উইচিটা পুলিশের ক্যাপ্টেন অ্যারন মোজেস বলেন, আহত ব্যক্তিদের বয়স ৫ থেকে ৬৮ বছরের মধ্যে। পুলিশ জানিয়েছে, ৩৪ বছর বয়সী ওই ট্রাকচালক নারীকে ইতিমধ্যে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে এটি কোনো পরিকল্পিত হামলা কি না, তা এখনো স্পষ্ট করেনি কর্তৃপক্ষ। ঘটনার সময় ট্রাকের ভেতরে দুটি শিশু ছিল বলে জানা গেছে।
ক্যাপ্টেন মোজেস বলেন, ‘ঘটনাটি কীভাবে ও কেন ঘটল, তা উদ্ঘাটন করতে আমরা কাজ করছি।’ উইচিটার পুলিশ প্রধান জো সালিভান বলেন, ঘটনাস্থলে উদ্ধারকারী দল আসার আগেই উপস্থিত লোকেরা ট্রাকচালককে নিবৃত্ত ও আহত ব্যক্তিদের সহায়তা করতে এগিয়ে আসেন। মানুষ যেভাবে তাৎক্ষণিকভাবে জীবন বাঁচানোর চেষ্টায় ঝাঁপিয়ে পড়েছে, তা সত্যিই অসাধারণ। এটি উইচিটাবাসীর মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত।
উইচিটার মেয়র লিলি উ ঘটনাটিকে অত্যন্ত হৃদয়বিদারক বলে আখ্যা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় মেয়র বলেন, ‘ভুক্তভোগী সবার, বিশেষ করে ক্ষতিগ্রস্ত শিশু ও তাদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা ও প্রার্থনা রইল।’ তদন্ত চলাকালে সাধারণ মানুষকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন তিনি। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে এবং নতুন কোনো হুমকি নেই।