কুড়িগ্রামে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে ৪০০ সবজির চারা
প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বন্ধুসভার ‘একটি ভালো কাজ’ কর্মসূচির অংশ হিসেবে বিতরণ
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি · কুড়িগ্রাম
প্রকাশ:
নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ১৫ অক্টোবর কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের কদমতলা চরে ১০০টি পরিবারের মাঝে ৪০০টি সবজির চারা বিতরণ করা হয়েছে। এই উদ্যোগটি বাস্তবায়িত করেছে কুড়িগ্রাম বন্ধুসভা।
বিজ্ঞাপন
প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’ কর্মসূচির অংশ হিসেবে এ বিতরণ করা হয়। বিতরণ করা চারার মধ্যে ছিল মরিচ, লাউ, বেগুন ও পেঁপেগাছ। উদ্দেশ্য হলো ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পারিবারিকভাবে সবজি চাষে উৎসাহিত করা।
চরের বাসিন্দারা জানিয়েছেন, এই চারা পেয়ে তারা নিজেদের বাড়ির আঙিনা ও উপযুক্ত জমিতে সবজি চাষের সুযোগ পাবেন। এর মাধ্যমে পারিবারিক পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি উৎপাদিত সবজি বিক্রি করে আয় করার আশা করছেন তারা।
চরের বাসিন্দা সখিনা খাতুন বলেন, ‘সবজির চারা পায়া হামার ভালোই হইছে। নতুন বাড়ি করছি, বাড়ির উঠানোত এগলে লাগামো। সবজি হইলে নিজে খামো আর কিছু বেঁচে টাকা পামো।’
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বন্ধু আজিজুল হক, তৌহিদ আহমেদ, হাবিব ইসলাম, আশরাফুল ইসলাম, কৌশিক আহমেদ, রিজভী আহমেদ, রিহাদ ইসলাম, সাজিদুর রহমান, সুন্না তামান্না, সানজিদা আক্তার, মিতু আক্তার, আয়েশা ফেরদৌসী, হীরা আক্তার, মিশি আক্তারসহ অনেকে।