‘উদ্যোগ’ কর্মসূচির ঋণের জন্য আট জেলা থেকে ১৮ হাজার ৪৪৪টি আবেদন
সবচেয়ে বেশি আবেদন নেত্রকোনায়, বাকি ৫৬ জেলায় আবেদন শুরু ১ নভেম্বর
অর্থনীতি ডেস্ক · ঢাকা
প্রকাশ:
তৃণমূলের সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের খুঁজে বের করে তাঁদের অর্থায়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে ‘উদ্যোগ’ কর্মসূচি চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এই কর্মসূচির ঋণ চেয়ে প্রাথমিক পর্যায়ের আট জেলা থেকে মোট ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়েছে।
বিজ্ঞাপন
শনিবার (১৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাকি ৫৬ জেলায় আবেদন নেওয়া শুরু হবে আগামী ১ নভেম্বর থেকে।
প্রথম ধাপে দেশের আটটি বিভাগের প্রতিনিধিত্ব করে এমন আটটি জেলার সব উপজেলা থেকে আবেদন নেওয়া হয়েছে। এই জেলাগুলো হলো মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোনা। গত ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত তরুণ উদ্যোক্তারা নিজ নিজ উপজেলায় তফসিলি ব্যাংকের শাখায় আবেদন জমা দিয়েছেন।
প্রাথমিক তথ্যে দেখা যায়, নেত্রকোনা জেলায় আবেদনের সংখ্যা সবচেয়ে বেশি, ৫ হাজার ৩৫১টি। তার পরের অবস্থানে আছে রংপুর (২ হাজার ৭৪৫টি), নওগাঁ (২ হাজার ৪৫৬টি) ও ঝিনাইদহ (২ হাজার ১৯১টি)। বাকি জেলাগুলোর মধ্যে হবিগঞ্জে এসেছে ১ হাজার ৫৫২টি, ভোলায় ১ হাজার ৫৪৫টি, মানিকগঞ্জে ১ হাজার ৩৪৩টি এবং ফেনীতে ১ হাজার ২৬১টি আবেদন।
দ্বিতীয় ধাপে বাকি ৫৬ জেলার আগ্রহী তরুণ উদ্যোক্তারা ১ থেকে ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন। তাঁদের নির্ধারিত ফরম পূরণ করে নিজ উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় জমা দিতে হবে। ফরমটি পাওয়া যাবে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল এবং তফসিলি ব্যাংকগুলোর ওয়েবসাইটে।
বিজ্ঞাপন
২০২৬ সালের ১৩ সেপ্টেম্বর এসএমইএসপিডি সার্কুলার নম্বর-০৫ জারির মাধ্যমে কর্মসূচির নির্দেশিকা প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। www.bb.org.bd এবং www.bb.org.bd/smespd_portal ওয়েবসাইটে এটি পাওয়া যাবে।
উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা খুঁজে নিয়ে তাঁদের উদ্যোগে অর্থায়নের ব্যবস্থা করাই ‘উদ্যোগ’ কর্মসূচির লক্ষ্য। এতে উদ্ভাবনে উৎসাহ বাড়বে, অর্থনৈতিক সুযোগ প্রসারিত হবে ও কর্মসংস্থান সৃষ্টি হবে। কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সক্রিয় সহযোগিতা চেয়েছে বাংলাদেশ ব্যাংক।