বিমানে পাওয়ার ব্যাংক কেন বিপজ্জনক হতে পারে, নিরাপদে রাখার উপায়
পাওয়ার ব্যাংকে আগুন লেগে ১১ অক্টোবর হায়দরাবাদে জরুরি অবতরণ করে ইন্ডিগোর চেন্নাইগামী বিমান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
বিমানে ভ্রমণের সময় মোবাইল ফোনের চার্জ ফুরিয়ে যাওয়ার আশঙ্কা এড়াতে অনেকেই সঙ্গে পাওয়ার ব্যাংক রাখেন। কিন্তু এই ছোট্ট যন্ত্রের লিথিয়াম ব্যাটারি থেকে কখনো কখনো বড় বিপদ তৈরি হতে পারে। সম্প্রতি মাঝআকাশে এক যাত্রীর পাওয়ার ব্যাংকে আগুন লাগার ঘটনায় জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে চেন্নাইগামী ইন্ডিগোর একটি বিমান।
বিজ্ঞাপন
গত রবিবার (১১ অক্টোবর) হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি নামে। বিমানের ভেতরের একটি ভিডিওতে দেখা যায়, যাত্রীরা আগুন নেভানোর চেষ্টা করছেন। পরে ইন্ডিগোর কেবিন ক্রুরা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে পরিস্থিতি সামাল দেন। যাত্রীদের হায়দরাবাদ থেকে চেন্নাই পৌঁছে দিতে বিকল্প বিমানেরও ব্যবস্থা করা হয়।
এই ঘটনায় বিমানযাত্রায় পাওয়ার ব্যাংক বহনের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তাই ভ্রমণের প্রস্তুতির সময় পাওয়ার ব্যাংক কীভাবে বহন করতে হবে এবং কোন বিষয়ে সতর্ক থাকা জরুরি, তা জেনে রাখা দরকার।
পাওয়ার ব্যাংকে সাধারণত লিথিয়াম-আয়ন বা লিথিয়াম-কোবাল্ট অক্সাইড প্রযুক্তির ব্যাটারি সেল থাকে। ছোট আকারের এই ব্যাটারিতে যথেষ্ট শক্তি জমা থাকে। কিন্তু ব্যাটারি নিম্নমানের হলে, উৎপাদনে ত্রুটি থাকলে কিংবা ক্ষতিগ্রস্ত হলে আগুন লাগার ঝুঁকি বাড়ে। পুরোনো বা পুনর্ব্যবহৃত ব্যাটারির ক্ষেত্রেও সতর্ক থাকা জরুরি।
পাওয়ার ব্যাংক চার্জ দেওয়ার সময় কিংবা সেটি দিয়ে মোবাইল বা অন্য যন্ত্র চার্জ করার সময় তাপ তৈরি হয়। সাধারণ পরিস্থিতিতে এই তাপ বিপজ্জনক নয়। তবে ব্যাটারি অতিরিক্ত গরম হলে বা তাপ বেরোনোর সুযোগ না থাকলে তাপমাত্রা দ্রুত বেড়ে যেতে পারে। এতে ব্যাটারির ভেতরে বিপজ্জনক রাসায়নিক বিক্রিয়া শুরু হয়ে আগুন ধরতে পারে।
বিজ্ঞাপন
যুক্তরাজ্যের ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরির ব্যাটারি প্রযুক্তিবিশেষজ্ঞ পিয়ের কুবিয়াক বিবিসিকে জানিয়েছেন, এ ধরনের আগুনের ঘটনায় ব্যাটারির তাপমাত্রা দ্রুত ৭০০ থেকে ১,০০০ ডিগ্রি পর্যন্ত পৌঁছাতে পারে। ব্যাটারির ভেতরের রাসায়নিক পদার্থ ও প্লাস্টিকের অংশেও আগুন ধরতে পারে। বিমানের মতো বদ্ধ জায়গায় আগুন থেকে তৈরি তাপ ও ধোঁয়া যাত্রীদের জন্য গুরুতর বিপদের কারণ হতে পারে।
ইন্ডিগোর সরকারি ওয়েবসাইটের নির্দেশিকা অনুযায়ী, পাওয়ার ব্যাংক এবং অতিরিক্ত বা আলগা লিথিয়াম ব্যাটারি শুধু হ্যান্ড ব্যাগেজে বহন করা যায়। অর্থাৎ এগুলো চেক-ইন করা লাগেজে রাখা যাবে না। তবে বিমান সংস্থা ও সংশ্লিষ্ট দেশের নিয়ম অনুযায়ী বহনের শর্তে পার্থক্য থাকতে পারে। তাই যাত্রার আগে নিজের বিমান সংস্থার নির্দেশিকা দেখে নেওয়া জরুরি।
পাওয়ার ব্যাংক এমন জায়গায় রাখা উচিত, যেখান থেকে প্রয়োজনে সহজেই বের করা যায়। কেবিন ব্যাগে বা নিজের কাছে রাখলে ব্যাটারিতে অস্বাভাবিক তাপ, ধোঁয়া কিংবা অন্য কোনো সমস্যা দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া সহজ হতে পারে। সিটের নিচে বা সিটের পকেটে রাখার বিষয়ে বিমান সংস্থার নির্দেশনা মেনে চলুন।
পাওয়ার ব্যাংক ব্যবহারে কয়েকটি বিষয় মাথায় রাখা প্রয়োজন। ফুলে যাওয়া, ফেটে যাওয়া, অতিরিক্ত গরম হওয়া বা অন্য কোনোভাবে ক্ষতিগ্রস্ত পাওয়ার ব্যাংক বিমানে বহন করা উচিত নয়। স্বীকৃত প্রস্তুতকারকের তৈরি মানসম্পন্ন পণ্য ব্যবহার করুন এবং চার্জ দেওয়ার সময় সেটিকে বিছানা, কাপড় বা অন্য কোনো তাপ-নিরোধক বস্তুর নিচে ঢেকে রাখবেন না। পাওয়ার ব্যাংককে সরাসরি রোদে বা অতিরিক্ত গরম জায়গায় রাখাও এড়িয়ে চলুন।
বিজ্ঞাপন
বিমানে পাওয়ার ব্যাংক চার্জ দেওয়া বা সেটি দিয়ে অন্য যন্ত্র চার্জ করার অনুমতি সংস্থাভেদে আলাদা হতে পারে, তাই যাত্রার আগে নিয়ম জেনে নিন। বিমানের ভেতরে পাওয়ার ব্যাংক থেকে ধোঁয়া বেরোতে দেখলে, সেটি অস্বাভাবিক গরম হলে বা আগুন লাগলে নিজে সামলানোর চেষ্টা না করে অবিলম্বে কেবিন ক্রুকে জানান এবং তাঁদের নির্দেশ মেনে চলুন।
পাওয়ার ব্যাংক ভ্রমণের গুরুত্বপূর্ণ সঙ্গী হলেও নিরাপত্তার বিষয়ে কোনো আপস করা উচিত নয়। সঠিক মানের যন্ত্র বেছে নেওয়া, নিয়ম মেনে বহন করা এবং বিমানে ওঠার আগে প্রয়োজনীয় নির্দেশিকা জেনে নেওয়াই নিরাপদ যাত্রার জন্য জরুরি।