ভারতে মার্কিন ভিজিটর ভিসার সাক্ষাৎকারের অপেক্ষা বাড়ছে, হায়দরাবাদে প্রায় এক বছর
মুম্বাইয়ে সাড়ে ১১ মাস ও দিল্লিতে ১০ মাস, চেন্নাই ও কলকাতায় তুলনামূলক কম সময়
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
ভারতের বিভিন্ন শহরে মার্কিন ভিজিটর ভিসার সাক্ষাৎকারের জন্য অপেক্ষার সময় বাড়ছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের হালনাগাদ তথ্য অনুযায়ী, হায়দরাবাদে সাক্ষাৎকারের তারিখ পেতে আবেদনকারীদের প্রায় এক বছর অপেক্ষা করতে হচ্ছে। মুম্বাইয়ে এই অপেক্ষা সাড়ে ১১ মাসের, আর দিল্লিতে ১০ মাসের। চেন্নাই ও কলকাতায় অপেক্ষার সময় তুলনামূলক কম হলেও সেখানেও তারিখ পেতে কয়েক মাস লেগে যাচ্ছে।
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের ১৭ সেপ্টেম্বর হালনাগাদ করা তথ্য বলছে, ভারতের প্রধান মার্কিন কনস্যুলার কার্যালয়গুলোয় ভিজিটর ভিসার সাক্ষাৎকারের জন্য অপেক্ষা বেশ দীর্ঘ। সবচেয়ে বেশি অপেক্ষা হায়দরাবাদে, সেখানে সাক্ষাৎকারের তারিখ পেতে আনুমানিক ১২ মাস লাগছে। মুম্বাইয়ে এই সময় প্রায় ১১ দশমিক ৫ মাস। দিল্লিতে প্রায় ১০ মাস। চেন্নাই ও কলকাতায় সময় তুলনামূলক কম হলেও কয়েক মাস অপেক্ষা করতে হচ্ছে।
এই সময়সীমা মূলত সাক্ষাৎকার আবশ্যক এমন বি১/বি২ ভিজিটর ভিসার ক্ষেত্রে প্রযোজ্য। ভিসার ফি জমা দেওয়ার পর সাক্ষাৎকারের তারিখ পেতে আনুমানিক কত দিন বা মাস লাগতে পারে, সেই হিসাবই এতে দেওয়া হয়েছে।
স্কুলের ছুটি, উৎসবের বিরতি কিংবা ব্যবসায়িক কাজে যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা থাকলে অপেক্ষার সময় বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দীর্ঘ অপেক্ষায় ভ্রমণের সম্ভাব্য তারিখ পিছিয়ে যেতে পারে। তাই ভারতীয়দের ভ্রমণ পরিকল্পনার সময় ভিসার আবেদন ও সাক্ষাৎকারের সম্ভাব্য সময় হিসাব করে এগোনোর পরামর্শ দিয়েছেন অনেকে।
ভিসার সাক্ষাৎকারের অপেক্ষার সময় নির্দিষ্ট নয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর নিয়মিত এই সময়সীমার হিসাব হালনাগাদ করে। নতুন সাক্ষাৎকারের সময় বরাদ্দ হলে অপেক্ষা কমতে বা বাড়তে পারে। তাই আবেদনকারীদের নিয়মিত অনলাইন ব্যবস্থায় খোঁজ রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
এ ছাড়া প্রকাশিত অপেক্ষার সময় শুধু সাক্ষাৎকারের তারিখ পাওয়ার আনুমানিক সময় নির্দেশ করে। সাক্ষাৎকারের পর বাড়তি প্রশাসনিক যাচাই লাগলে কিংবা পাসপোর্ট ফেরত পেতে যে সময় লাগতে পারে, তা এর মধ্যে ধরা হয় না। মার্কিন ভিসার সাক্ষাৎকারের সর্বশেষ অপেক্ষার সময় জানতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের অফিশিয়াল ওয়েবসাইটে নিয়মিত চোখ রাখা ভালো।