২৫ নভেম্বর প্রকাশ হবে স্থানীয় নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা
খসড়া তালিকা প্রকাশ হবে ৫ নভেম্বর, দাবি ও আপত্তির আবেদনের শেষ সময় ২০ নভেম্বর
নিজস্ব প্রতিবেদক · ঢাকা
প্রকাশ:
আসন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনকে সামনে রেখে আগামী ২৫ নভেম্বর হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।
বিজ্ঞাপন
শনিবার (১৭ অক্টোবর) ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরীর স্বাক্ষরিত একটি চিঠিতে এ তথ্য জানা গেছে।
ইসির প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী, খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত করে মাঠ পর্যায়ে লিংক পাঠানোর শেষ তারিখ ৪ নভেম্বর। হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকা মুদ্রণ করে প্রকাশ করা হবে ৫ নভেম্বর। দাবি, আপত্তি ও সংশোধনের জন্য আবেদন জমা দেওয়ার শেষ সময় ২০ নভেম্বর। সংশোধনকারী কর্তৃপক্ষকে এসব আবেদন নিষ্পত্তি করতে হবে ২৩ নভেম্বরের মধ্যে। আবেদনের ওপর নেওয়া সিদ্ধান্ত তালিকায় সন্নিবেশ করা হবে ২৪ নভেম্বর। এরপর ২৫ নভেম্বর প্রকাশ করা হবে হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা।
চিঠিতে আরও বলা হয়েছে, এই কার্যক্রম চলাকালে মুদ্রিত খসড়া ভোটার তালিকা জনসাধারণের পরিদর্শন এবং ভুলত্রুটি সংশোধনের আবেদন জমা দেওয়ার আহ্বান জানিয়ে মসজিদ-মন্দিরসহ ধর্মীয় উপাসনালয়ে ইমাম-পুরোহিতদের মাধ্যমে নামাজ-প্রার্থনার আগে বা পরে ঘোষণা দিতে হবে। জনস্বার্থে স্থানীয় সাংবাদিক ও ক্যাবল অপারেটরের মাধ্যমেও তা প্রচারের ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এ ছাড়া মুদ্রিত খসড়া ভোটার তালিকায় পুরুষ তালিকার মধ্যে মহিলা ভোটার এবং মহিলা তালিকার মধ্যে পুরুষ ভোটার অন্তর্ভুক্তি, ধর্ম সংক্রান্ত ত্রুটি বিচ্যুতিসহ অন্য কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে তা সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে বলেও চিঠিতে নির্দেশ দেওয়া হয়েছে।