মিষ্টির আসনের উপনির্বাচনে হলফনামায় সম্পদের বিস্তারিত লাগবে না
আয়কর রিটার্নের সঙ্গে সম্পদের বিবরণী দিলে অব্যাহতি, ভোট ১২ নভেম্বর
নিজস্ব প্রতিবেদক · ঢাকা
প্রকাশ:
বিএনপি নেত্রী ফেরদৌসী আহমেদ মিষ্টির ছেড়ে দেওয়া সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে প্রার্থীরা আয়কর রিটার্নের সঙ্গে সম্পদের বিবরণী জমা দিয়ে থাকলে হলফনামায় দেশে-বিদেশের সম্পদের বিস্তারিত বিবরণ দিতে হবে না। তবে আয়কর রিটার্নের সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে।
বিজ্ঞাপন
শনিবার (১৭ অক্টোবর) নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা এ তথ্য জানান। কমিশন এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠিয়ে দিয়েছে।
ইসির নির্দেশনায় বলা হয়েছে, মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় প্রার্থী বর্তমানে কোনো ফৌজদারি মামলায় অভিযুক্ত কি না, তা জানাতে হবে। অতীতে তাঁর বিরুদ্ধে মামলা হয়ে থাকলে তার বিবরণ ও রায়, ব্যবসা বা পেশার বিবরণ এবং দেশে-বিদেশে আয়ের সম্ভাব্য উৎসও উল্লেখ করতে হবে। এর সঙ্গে প্রার্থী ও তাঁর ওপর নির্ভরশীল ব্যক্তিদের দেশে-বিদেশে থাকা সম্পদ ও দায়ের বিবরণ দিতে হবে।
কোনো প্রার্থী আয়করদাতা হলে এবং আয়কর রিটার্নের সঙ্গে সম্পদের বিবরণী জমা দিয়ে থাকলে হলফনামার সংশ্লিষ্ট অংশে তা উল্লেখ করে সম্পদের বিস্তারিত বিবরণ দেওয়া থেকে অব্যাহতি পাবেন। সে ক্ষেত্রে আয়কর রিটার্নের সঙ্গে জমা দেওয়া সম্পদের বিবরণীর তথ্যই গ্রহণযোগ্য হবে। রিটার্নের অনুলিপি গেজেটেড কর্মকর্তা বা আয়কর আইনজীবীর মাধ্যমে সত্যায়িত করে জমা দিতে হবে।
অতীতে দায়ের হওয়া ফৌজদারি মামলার তথ্য নিয়ে ইসির নির্দেশনায় বলা হয়েছে, প্রার্থীর কাছ থেকে সব তথ্য প্রত্যাশিত হলেও অনেক পুরোনো মামলার বিস্তারিত তথ্য তাঁর কাছে না-ও থাকতে পারে। কোনো মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়ে থাকলে বা প্রার্থী খালাস পেয়ে থাকলে বিস্তারিত তথ্য দিতে না পারার কারণে মনোনয়নপত্র বাতিল হবে না। তবে দণ্ডিত হওয়ার তথ্য গোপনের বিষয়টি প্রমাণিত হলে মনোনয়নপত্র গ্রহণযোগ্য হবে না।
বিজ্ঞাপন
নির্দেশনায় আরও বলা হয়েছে, কোনো প্রার্থী আগে সংসদ সদস্য নির্বাচিত হয়ে থাকলে নির্বাচনের আগে ভোটারদের কী কী প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং সেগুলোর কতগুলো বাস্তবায়ন করতে পেরেছেন, তা হলফনামায় জানাতে হবে। আগে সংসদ সদস্য না হয়ে থাকলে এ তথ্য দেওয়ার প্রয়োজন নেই। কোনো প্রতিশ্রুতি বা অর্জন না থাকলে ‘প্রতিশ্রুতি নেই’ বা ‘অর্জন নেই’ লিখলেও তা গ্রহণযোগ্য হবে।
এ ছাড়া প্রার্থীর একক বা যৌথভাবে নেওয়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণের পরিমাণ জানাতে হবে। একইভাবে তাঁর ওপর নির্ভরশীল ব্যক্তিদের নেওয়া ঋণ এবং কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক কিংবা পরিচালক হওয়ার সুবাদে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে নেওয়া ঋণের তথ্যও দিতে হবে।
মনোনয়নপত্রের সঙ্গে আয়কর আইন, ২০২৩-এর ধারা ১৬৬ অনুযায়ী দেওয়া আয়কর রিটার্নের সত্যায়িত অনুলিপি এবং একই আইনের ধারা ২৬৪ অনুযায়ী রিটার্ন দাখিলের প্রমাণপত্র জমা দিতে হবে। কমিশনের নির্ধারিত নমুনা অনুযায়ী ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্প বা কোর্ট ফি দিয়ে হলফনামা তৈরি করে মনোনয়নপত্রের সঙ্গে জমা দিতে হবে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ তারিখ ২৬ অক্টোবর এবং বাছাই ২৭ অক্টোবর। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ২৮ অক্টোবর, আপিল নিষ্পত্তি হবে ২৯ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১ নভেম্বর, প্রতীক বরাদ্দ ২ নভেম্বর। ভোটগ্রহণ হবে ১২ নভেম্বর।
বিজ্ঞাপন
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম আসার পর বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে পদত্যাগের নির্দেশ দেন। তিনি পদত্যাগ করলে সংসদ সচিবালয় আসনটি শূন্য ঘোষণা করে। ওই আসনের উপনির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।