সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
দুজনের বিস্তারিত জানতে সৌদি কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে বাংলাদেশ সরকার
নিজস্ব প্রতিবেদক · ঢাকা
প্রকাশ:
সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনা আমাদের জন্য বড় শিক্ষা বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
প্রতিমন্ত্রী বলেন, প্রবাসে বাংলাদেশিরা যে দেশেই থাকুন, সেই দেশের আইন মেনে চলতে হবে। সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা।
শামা ওবায়েদ বলেন, সৌদি আরবে ২ বাংলাদেশির ফাঁসির আদেশ নিয়ে বাংলাদেশ সরকার এখনো কিছু জানতে পারেনি। এ বিষয়ে জানতে চেয়ে সৌদি কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। অতীতের অভিজ্ঞতা থেকে বলতে পারি— সৌদি আরবের একটি নিজস্ব আইনি কাঠামো আছে। সেই আইনি কাঠামো অনুযায়ী কেউ যদি গর্হিত অন্যায় কাজ করে, তখন সেই আইন অনুযায়ী অভিযুক্তদের সাজা হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সৌদি মিশনের শ্রম উইং থেকে একটি বার্তা এসেছে। তাতে বলা হয়েছে, ওই দুই বাংলাদেশি মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে ব্যভিচারে লিপ্ত ছিলেন, যা সৌদি আইনে গর্হিত কাজ হিসেবে গণ্য। সেই আইন অনুযায়ীই আদালত ব্যবস্থা নিয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকার এখনো কোনোকিছুই জানতে পারেনি। তাই ওই দুজনের বিস্তারিত তথ্য জানতে চেয়ে সরকার চিঠি দিয়েছে।