রুপালি গিলটির গয়নার উজ্জ্বলতা ধরে রাখার ৫ উপায়
ঘাম মোছা থেকে প্রসাধনী লাগানোর পর গয়না পরা পর্যন্ত কয়েকটি ভুল এড়িয়ে চলার পরামর্শ
লাইফস্টাইল ডেস্ক · ঢাকা
প্রকাশ:
পূজার সাজে শাড়ি কিংবা কুর্তি যা-ই হোক, রুপালি গিলটি করা হার, ঝুমকা, চোকার ও চুড়ি সহজেই চোখ টানে। সাশ্রয়ী দামে নানা নকশার গয়না মেলে বলে তরুণীদের মধ্যেও এ ধরনের গয়নার জনপ্রিয়তা বাড়ছে। কিন্তু নিয়মিত পরলে অনেক সময় গয়নার রং ফিকে হয়ে যায়, কালচে ছোপ পড়ে এবং নতুনের মতো উজ্জ্বলতা হারিয়ে যায়। সামান্য অসতর্কতাও এর একটি বড় কারণ হতে পারে। তাই প্রিয় গয়না দীর্ঘদিন ভালো রাখতে কয়েকটি ভুল এড়িয়ে চলা দরকার।
বিজ্ঞাপন
প্রথম বিষয়টি ঘাম নিয়ে। পূজার মণ্ডপে ঘোরাঘুরি বা অনেকক্ষণ গয়না পরে থাকলে ঘাম জমতে পারে। ঘামের লবণ ও অন্যান্য উপাদান গয়নার ধাতব পরতের ক্ষতি করতে পারে। তাই বাড়ি ফিরে গয়না খুলে নরম, শুকনো কাপড়ে আলতো করে মুছে নিন, তারপর তুলে রাখুন।
২. খোলা জায়গায় ফেলে রাখবেন না। ড্রেসিং টেবিল বা খোলা তাকে গয়না পড়ে থাকলে বাতাসের আর্দ্রতা ও অন্যান্য উপাদানের সংস্পর্শে তার রং বদলে যেতে পারে। তাই ব্যবহারের পর গয়না শুকনো, পরিষ্কার জায়গায় রাখুন। সম্ভব হলে ছোট জিপলক পাউচ বা গয়না রাখার উপযুক্ত বাক্স ব্যবহার করুন।
৩. পানি বা টুথপেস্ট দিয়ে পরিষ্কার করবেন না। রুপালি গিলটি করা গয়না পরিষ্কারে পানি, টুথপেস্ট কিংবা ঘষা লাগে এমন উপাদান ব্যবহার করা ঠিক নয়, এতে গয়নার ওপরের রঙের পরত নষ্ট হতে পারে। পরিষ্কারের জন্য নরম, শুকনো কাপড়ই বেছে নিন। গয়নার সঙ্গে বিশেষ পরিচর্যার নির্দেশনা থাকলে তা মেনে চলুন।
৪. সব গয়না একসঙ্গে রাখবেন না। হার, ঝুমকা, চুড়ি ও আংটি এক বাক্সে গাদাগাদি করে রাখলে একটির সঙ্গে আরেকটির ঘষা লাগতে পারে। এতে গয়নার উপরিভাগে আঁচড় পড়ে, রঙের পরতও ক্ষতিগ্রস্ত হয়। তাই প্রতিটি গয়না আলাদা পাউচে অথবা বাক্সের পৃথক খোপে রাখুন।
বিজ্ঞাপন
৫. প্রসাধনী ব্যবহারের পরপরই গয়না পরবেন না। পারফিউম, হেয়ার স্প্রে, লোশন ও অন্যান্য প্রসাধনীর রাসায়নিক উপাদান গয়নার রঙের পরতের ক্ষতি করতে পারে। তাই সাজার সময় আগে প্রসাধনী লাগিয়ে শুকিয়ে নিন, তারপর গয়না পরুন। গয়না খোলার পর তাতে প্রসাধনীর অবশিষ্টাংশ লেগে থাকলে নরম কাপড়ে মুছে রাখুন।
রুপালি গিলটি করা গয়নার উজ্জ্বলতা কত দিন টিকবে, তা নির্ভর করে গয়নার গুণমান, ব্যবহারের ধরন ও সংরক্ষণের ওপর। সঠিক যত্ন নিলে পছন্দের হার, ঝুমকা কিংবা চোকার দীর্ঘদিন ভালো রাখা সম্ভব।