৬৪ জেলায় পুলিশে চাকরির সুযোগ, আবেদন চলবে ৩০ অক্টোবর পর্যন্ত
কতজনকে নেওয়া হবে তা এখনো নির্ধারিত হয়নি বলে জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এআইজি কামারুম মুনিরা
চাকরি ডেস্ক · ঢাকা
প্রকাশ:
বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের ৬৪ জেলার যোগ্য প্রার্থীরা এতে আবেদন করতে পারবেন। আগামী ১৩ অক্টোবর থেকে আবেদন শুরু হয়ে চলবে ৩০ অক্টোবর পর্যন্ত।
বিজ্ঞাপন
শুক্রবার (৯ অক্টোবর) সংবাদপত্র এবং বাংলাদেশ পুলিশের নিজস্ব আনুষ্ঠানিক মাধ্যমে বিজ্ঞপ্তিটি ছাপা ও প্রচার করা হয়।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) কামারুম মুনিরা বলেন, কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি এসে গেছে। কিন্তু নিয়োগ পাবেন কতজন, সেটা এখনো ঠিক হয়নি। দেশের সব জেলার যোগ্য ও আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে বলা আছে, অনলাইনে টেলিটকের নির্ধারিত ওয়েবসাইট ব্যবহার করে আবেদন জমা দিতে হবে। ১৩ অক্টোবর সকাল ১০টা থেকে আবেদন নেওয়া হবে এবং শেষ সময় ৩০ অক্টোবর বিকেল ৫টা।
প্রার্থী হতে হলে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও অবিবাহিত হতে হবে। এসএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ থাকতে হবে ন্যূনতম ২.৫। বয়সসীমা ১৮ থেকে ২০ বছর।
বিজ্ঞাপন
শারীরিক যোগ্যতায় উচ্চতার শর্ত এমন: সাধারণ ও অন্যান্য কোটার পুরুষ প্রার্থীর ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, আর ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীর অন্তত ৫ ফুট ৪ ইঞ্চি। নারীদের ক্ষেত্রে সাধারণ কোটায় ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি এবং বিশেষ কোটায় ৫ ফুট ২ ইঞ্চি ধরা হয়েছে। নারী-পুরুষ সবার দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, নিয়োগে মেধা, যোগ্যতা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে। আবেদনে ভুয়া, মিথ্যা বা ভুল তথ্য দিলে অথবা কিছু গোপন করলে প্রার্থিতা কিংবা নিয়োগ বাতিল হবে। যোগদানের পরও তথ্য অসত্য প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
প্রার্থীদের নির্ধারিত সময়ের ভেতরে অনলাইনে ফরম পূরণ করে ফি দিতে হবে। আবেদন শেষে যে ইউজার আইডি পাওয়া যাবে, তা দিয়ে ৭২ ঘণ্টার মধ্যে প্রিপেইড টেলিটক সিম থেকে ফি পরিশোধ করতে হবে।