ইউরোপের বাজারে সুযোগ খুঁজছেন বাংলাদেশি ব্যবসায়ীরা, প্যারিসে এফবিসিসিআইয়ের বৈঠক
ফ্রান্স বাংলাদেশ ইকোনমিক চেম্বারের সদর দফতরে ২২ সদস্যের প্রতিনিধি দল রপ্তানি বৈচিত্র্য ও যৌথ বিনিয়োগ নিয়ে আলোচনা করেছে।
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
ফ্রান্সের বাজারকে ঘিরে ইউরোপে বাংলাদেশি পণ্যের বাণিজ্য সম্প্রসারণ, যৌথ বিনিয়োগ বাড়ানো এবং রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনার বিষয়ে প্যারিসে বাংলাদেশ ও ফ্রান্সের ব্যবসায়ী প্রতিনিধিদের মধ্যে আলোচনা হয়েছে।
বিজ্ঞাপন
প্যারিসে ফ্রান্স বাংলাদেশ ইকোনমিক চেম্বারের সদর দফতরে বৃহস্পতিবার (১ অক্টোবর) এই বৈঠক বসে। ফ্রান্স সফরে থাকা এফবিসিসিআইয়ের উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দল এতে অংশ নেয়। তৈরি পোশাক, প্রযুক্তি, প্রক্রিয়াজাত খাদ্য ও সেবা খাতসহ নানা খাতের ব্যবসায়ীও আলোচনায় ছিলেন।
প্রতিনিধি দলে ছিলেন ২২ সদস্য, নেতৃত্ব দেন এফবিসিসিআইয়ের সাধারণ সম্পাদক মো. আলমগীর। ফ্রান্স বাংলাদেশ ইকোনমিক চেম্বারের অ্যাডমিনিস্ট্রেশন ডিরেক্টর জাঁনা মার্টিনের পরিচালনায় বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনটির সহ-সভাপতি ফখরুল আকম সেলিম।
ফ্রান্সসহ ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশি ব্যবসায়ীদের প্রবেশ আরও সহজ করা ছিল আলোচনার অন্যতম বিষয়। দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানো, যৌথ বিনিয়োগের পথ তৈরি করা এবং বাংলাদেশের রপ্তানি পণ্যের পরিধি বাড়ানোর কথাও গুরুত্ব পায়।
ব্যবসায়ী প্রতিনিধিরা বলেন, বিশ্ব অর্থনীতিতে বদল এসেছে, ইউরোপের বাণিজ্য ও শুল্ক কাঠামোও পাল্টেছে। এ অবস্থায় ইউরোপের বাজারে প্রতিযোগিতার সক্ষমতা ধরে রাখা বাংলাদেশের জন্য জরুরি। তাই ফ্রান্সের সঙ্গে বাণিজ্যসম্পর্ক গভীর করার পাশাপাশি রপ্তানিতে নতুন পণ্য ও নতুন খাত যোগ করা প্রয়োজন।
বিজ্ঞাপন
বৈঠকে ফরাসি বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানানো হয়, তাঁরা যেন বাংলাদেশের তথ্যপ্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি এবং আধুনিক অবকাঠামোসহ সম্ভাবনাময় খাতে বিনিয়োগ করেন। ফ্রান্স ও ইউরোপের ব্যবসায়িক নেটওয়ার্কে বাংলাদেশি উদ্যোক্তাদের সরাসরি যুক্ত হওয়ার সুযোগ তৈরির বিষয়টিও গুরুত্ব পায়।
ফ্রান্স বাংলাদেশ ইকোনমিক চেম্বারের সহসভাপতি ফখরুল আকম সেলিম বলেন, ইউরোপে বাংলাদেশি ব্যবসায়ীদের নেটওয়ার্ক জোরদার করতে এবং প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তাদের সঙ্গে এফবিসিসিআইয়ের সরাসরি সমন্বয় বাড়াতে এমন বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এফবিসিসিআই প্রতিনিধি দলের প্রধান মো. আলমগীর ইউরোপের বিভিন্ন ব্যবসায়িক জোটের সঙ্গে বাংলাদেশি ব্যবসায়ীদের সংযোগ ঘটাতে ফ্রান্স বাংলাদেশ ইকোনমিক চেম্বারের ভূমিকার প্রশংসা করেন।
বৈঠকে উপস্থিত ছিলেন মাহারুল ইসলাম মিন্টু, খন্দকার রূহুল আমিন, লুবনা ইয়াছমিন শম্পা, ফারহানা আফরোজ পলি, মো. কামরুজ্জামান, তাপস বড়ুয়া রিপন ও খান নূরে আলম সিদ্দিকীসহ এফবিসিসিআই এবং ফ্রান্স বাংলাদেশ ইকোনমিক চেম্বারের কর্মকর্তা ও ব্যবসায়ী প্রতিনিধিরা।
ব্যবসায়ী নেতারা আশা প্রকাশ করেন, প্যারিসের এ আলোচনা দুই দেশের বেসরকারি খাতের যোগাযোগ আরও বাড়াবে এবং বাংলাদেশি পণ্যের জন্য ফ্রান্স ও ইউরোপের বাজারে নতুন ব্যবসায়িক সুযোগ তৈরিতে ভূমিকা রাখবে। বৈঠক শেষে ফ্রান্স বাংলাদেশ ইকোনমিক চেম্বারের উদ্যোগে আয়োজিত বিশেষ গালা ডিনারে অংশ নেন সফররত অতিথিরা।