কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্সের টয়লেট নিজ হাতে পরিষ্কার করলেন এমপি খোকন
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচিতে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে আবর্জনা সরান
মাদারীপুর জেলা প্রতিনিধি · কালকিনি, মাদারীপুর
প্রকাশ:
কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জমে থাকা আবর্জনা ও অপরিচ্ছন্ন টয়লেট নিজ হাতে সাফ করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন। মাদারীপুরের এই উপজেলায় শনিবার (১৭ অক্টোবর) দুপুরে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক এক কর্মসূচিতে অংশ নিয়ে তিনি কাজটি করেন।
বিজ্ঞাপন
আনিছুর রহমান তালুকদার খোকন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শিক্ষাবিষয়ক সম্পাদক। হাসপাতালের নানা ওয়ার্ডে ঘুরে তিনি জঞ্জাল পরিষ্কার করেন এবং সবাইকে আহ্বান জানান, সমাজ ও রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে নিজের মনে করে যেন পরিচ্ছন্ন রাখা হয়।
বক্তব্যে আনিছুর রহমান বলেন, ঘর পরিষ্কার রাখার মতোই সমাজ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পরিচ্ছন্ন রাখাও সবার দায়িত্ব। প্রতিষ্ঠানগুলোকে বাসযোগ্য ও ব্যবহারের উপযোগী রাখতে সবাইকে সচেতন হতে হবে।
সেবা নিতে গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নিজের বাড়ির মতো ভাবতে হবে, এমনও বলেন তিনি। তাঁর ভাষ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এবং তাদের পাশে থাকতে চান। প্রধানমন্ত্রীর কর্মী হিসেবে তাঁরাও মানুষের পাশে থাকতে বদ্ধপরিকর। এ জন্য জনগণকেও সচেতন হয়ে সহযোগিতার হাত বাড়াতে হবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন সরদার এবং বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের স্থানীয় নেতারা।