ফুলবাড়ীয়ায় বিদ্যালয়ে ধস্তাধস্তি, শিক্ষক দম্পতিকে বদলি উপজেলার দুই প্রান্তে
তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক আছমা খাতুনকে আলাদা বিদ্যালয়ে পাঠানো হয়েছে
ময়মনসিংহ জেলা প্রতিনিধি · ফুলবাড়ীয়া, ময়মনসিংহ
প্রকাশ:
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে স্বামী-স্ত্রীর ধস্তাধস্তির জেরে দুজনকেই একই উপজেলার দুই প্রান্তের দুটি বিদ্যালয়ে বদলি করা হয়েছে। আগে সহকারী শিক্ষক আছমা খাতুনকে বদলি করা হয়েছিল। এখন তাঁর স্বামী, অর্থাৎ ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকও বদলির আদেশ পেয়েছেন।
বিজ্ঞাপন
গত ৫ অক্টোবর ফুলবাড়ীয়ার রাঙামাটিয়া ইউনিয়নের আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে শিক্ষক দম্পতি ধস্তাধস্তিতে জড়ান। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনা-সমালোচনা শুরু হয়।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহা. ইকবাল হোসেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ঘটনাটি তদন্ত করেন। তদন্তে অভিযোগের সত্যতা মেলায় সংশ্লিষ্ট শিক্ষকদের শাস্তিমূলক ব্যবস্থার জন্য সুপারিশ করেন তিনি। সেই সুপারিশের ভিত্তিতে গত বৃহস্পতিবার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম সহকারী শিক্ষক আছমা খাতুনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করে তাঁকে অন্য বিদ্যালয়ে বদলি করেন।
এরপর শনিবার (১৭ অক্টোবর) ময়মনসিংহ বিভাগীয় উপপরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার প্রধান শিক্ষকের বদলির আদেশ দেন। তাঁকে পাঠানো হয়েছে উপজেলার উত্তর প্রান্তের বৈদ্যবাড়ি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আর আছমা খাতুন বদলি হয়েছেন উপজেলার দক্ষিণ প্রান্তের কাহালগাঁও দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, প্রধান শিক্ষক ও আছমা খাতুনের মধ্যে প্রায় এক যুগ ধরেই পারিবারিক বিরোধ চলছিল। ধীরে ধীরে তা বিদ্যালয় পর্যন্ত গড়ায় এবং তাঁদের মধ্যে প্রায়ই প্রকাশ্যে ঝগড়া বাধত। এতে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দেয়।
বিজ্ঞাপন
বিরোধের প্রভাব পড়ে শিক্ষার্থী ভর্তিতেও। পরিস্থিতি দেখে অনেক অভিভাবক সন্তানদের অন্য প্রতিষ্ঠানে ভর্তি করান, ফলে বিদ্যালয়টিতে ভর্তির সংখ্যা কমতে থাকে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহা. ইকবাল হোসেন জানান, আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বৈদ্যবাড়ি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়েছে। তার আগে বিভাগীয় মামলা করে সহকারী শিক্ষক আছমা খাতুনকে কাহালগাঁও দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়।