সুরাটের তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
সমাজসেবার ভিডিও পোস্ট করে এক বছর ধরে ইউটিউবারকে ট্যাগ করেছিলেন গুজরাটের মায়া গুপ্তা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টারবিস্টের সঙ্গে দেখা করতে টানা এক বছর চেষ্টা করে অবশেষে সফল হয়েছেন এক ভারতীয় তরুণী। ৩৬৫ দিনের চ্যালেঞ্জ শেষ করে এই ইন্টারনেট তারকার সঙ্গে সাক্ষাৎ করেছেন গুজরাটের সুরাটের বাসিন্দা মায়া গুপ্তা। পাশাপাশি নিজের সামাজিক কাজের জন্য তিনি উপহার পেয়েছেন ১০ হাজার মার্কিন ডলার (প্রায় ৯ লাখ ৫০ হাজার রুপি)।
বিজ্ঞাপন
মিস্টারবিস্টের সঙ্গে দেখা করার একমাত্র লক্ষ্য নিয়েই চ্যালেঞ্জ শুরু করেছিলেন মায়া। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ‘@mayaforbeast’-এ প্রতিদিনের যাত্রার ভিডিও শেয়ার করতেন তিনি এবং নজর কাড়তে ইউটিউবারকে ট্যাগ করতেন। সময়ের সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ব্যাপক আগ্রহ তৈরি করে। মায়ার স্বপ্ন পূরণ হবে কি না, তা দেখতে অনেকেই তাঁকে অনুসরণ করতে থাকেন।
তবে মায়ার চ্যালেঞ্জ শুধু সাক্ষাৎ পাওয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। পুরো বছরজুড়ে তিনি স্থানীয় অভাবী মানুষদের খাদ্য সহায়তাসহ নানা সমাজসেবামূলক কাজ করেছেন এবং সেগুলোর আপডেটও সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। অবশেষে তাঁর এই মানবিক প্রচেষ্টা মিস্টারবিস্টের নজর কাড়তে সক্ষম হয়।
সাক্ষাতের সময় মিস্টারবিস্ট জানান, তিনি মায়ার ভিডিওগুলো নিয়মিত দেখতেন এবং অভাবী মানুষকে সাহায্য করার কাজে মায়ার প্রচেষ্টায় গভীরভাবে মুগ্ধ হয়েছেন। এক ভিডিওতে মিস্টারবিস্ট বলেন, ইনি মায়া, যিনি গত এক বছর ধরে তাঁর স্থানীয় এলাকার মানুষকে খাবার খাইয়ে আসছেন এবং তাঁর সব ভিডিওতে তাঁকে ট্যাগ করছেন। গত এক বছরে সমাজের জন্য মায়ার করা ভালো কাজের স্বীকৃতি হিসেবে তিনি তাঁকে একটি উপহার দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন।
এরপর মিস্টারবিস্ট মায়াকে ১০ হাজার ডলার উপহার দেন। অর্থ পেয়ে মায়া জানান, পুরো টাকা নিজের কাছে না রেখে তিনি অন্যদের সঙ্গে ভাগ করে নেবেন এবং অভাবীদের সাহায্য করার কাজ চালিয়ে যাবেন।
বিজ্ঞাপন
অনলাইনে ভিডিওটি প্রকাশের পর দ্রুতই ৬ কোটির বেশি ভিউ পায়। মায়ার দৃঢ়তা ও দয়ার প্রশংসার পাশাপাশি তাঁর কাজকে স্বীকৃতি দেওয়ায় মিস্টারবিস্টেরও ভূয়সী প্রশংসা করেছেন নেটিজেনরা। এক ব্যবহারকারী মন্তব্য করেন, তুমি একজন ভালো মানুষ ও বীর। আরেকজন লিখেছেন, মায়ার সঙ্গে তাঁর সাক্ষাতে মায়ার চেয়ে তিনি নিজেই বেশি খুশি হয়েছেন। অন্য একজন মন্তব্য করেছেন, মায়া ও মিস্টারবিস্টের মতো মানুষদের দেখতে দারুণ লাগে।