লিংকডইনে নতুন ফিচার: চাকরির বাইরেও আয়ের সুযোগ
১৫ অক্টোবর ঘোষিত সুবিধার মধ্যে রয়েছে অ্যাডভাইস সেশনস, কনটেন্ট ড্যাশবোর্ড ও প্রি-রোল বিজ্ঞাপন থেকে আয়
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
চাকরির পাশাপাশি নিজের ব্যবসা বা ব্যক্তিগত উদ্যোগ চালান যাঁরা, তাঁদের জন্য নতুন কিছু সুবিধা আনছে পেশাজীবীদের সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইন। এসবের মাধ্যমে একাধিক পেশাগত পরিচয় তুলে ধরা, যোগাযোগ বাড়ানো, কনটেন্টের কার্যকারিতা বিশ্লেষণ এবং দক্ষতা থেকে আয়ের সুযোগ তৈরি করতে চায় প্রতিষ্ঠানটি। ফিচারগুলোর ঘোষণা এসেছে ১৫ অক্টোবর।
বিজ্ঞাপন
হালনাগাদের পর ব্যবহারকারীরা প্রোফাইলে একাধিক চলমান পেশাগত ভূমিকা দেখাতে পারবেন। ফলে নিয়মিত চাকরির সঙ্গে যাঁরা ব্যবসা বা অন্য উদ্যোগ চালান, তাঁরা নিজেদের কাজের নানা দিক তুলে ধরার সুযোগ পাবেন। লিংকডইন জানিয়েছে, গত এক বছরে প্রোফাইলে ‘ফাউন্ডার’ পরিচয় যোগ করা ব্যবহারকারীর সংখ্যা ৭০ শতাংশ বেড়েছে। ২০১৯ সালের তুলনায় একাধিক চলমান ভূমিকা উল্লেখ করা সদস্যের অনুপাতও ২৬ শতাংশ বেড়েছে।
একটি নতুন নেটওয়ার্ক ফিডও পরীক্ষা করছে লিংকডইন। অ্যালগরিদমের সুপারিশের বদলে এতে দেখানো হবে ব্যবহারকারীর সংযুক্ত ব্যক্তি ও অনুসরণ করা অ্যাকাউন্টের পোস্ট। এ ছাড়া ডিজিটাল বিজনেস কার্ড তৈরি করে ফোনের ডিজিটাল ওয়ালেটে রাখা যাবে, যাতে সামনাসামনি পরিচয় হওয়া মানুষের সঙ্গে পরে সহজে যোগাযোগ করা যায়। প্রিমিয়াম গ্রাহকেরা অন্য সদস্যের প্রোফাইলে ব্যক্তিগত নোট যোগ করতে পারবেন, যা পরিচয়ের সূত্র বা পরবর্তী যোগাযোগের বিষয় মনে রাখতে সাহায্য করবে।
দক্ষতা থেকে আয় বাড়াতে ‘অ্যাডভাইস সেশনস’ নামে আরেকটি সুবিধা আনছে লিংকডইন। এর আওতায় যোগ্য ব্যবহারকারীরা নিজের প্রোফাইল থেকেই ফির বিনিময়ে একান্ত পরামর্শ বৈঠকের আয়োজন করতে পারবেন। থাকবে বুকিং, অর্থ পরিশোধ এবং ভিডিও কলে পরামর্শ দেওয়ার ব্যবস্থা। শুরুতে যুক্তরাষ্ট্রের বিজনেস প্রিমিয়াম গ্রাহকেরা এটি ব্যবহার করতে পারবেন। লিংকডইন কর্তৃপক্ষ জানিয়েছে, এসব সেশনের আয় থেকে প্রতিষ্ঠানটি কোনও অংশ নেবে না।
কনটেন্ট নির্মাতাদের জন্য চালু হচ্ছে নতুন ড্যাশবোর্ড, যেখানে পোস্টের পারফর্মেন্স বিশ্লেষণ, কনটেন্ট ব্যবস্থাপনা ও আয়ের সুযোগের তথ্য এক জায়গায় মিলবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে সারা বিশ্বে এটি চালুর পরিকল্পনা রয়েছে।
বিজ্ঞাপন
ভিডিও নির্মাতাদের জন্য প্রি-রোল বিজ্ঞাপন থেকে আয়ের সুযোগও বাড়ানো হচ্ছে। যোগ্য নির্মাতারা ভিডিও শুরুর আগে দেখানো বিজ্ঞাপনের আয়ের অংশ পাবেন। আপাতত যুক্তরাষ্ট্রের নির্বাচিত নির্মাতা ও বিজ্ঞাপনদাতাদের নিয়ে সুবিধাটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।
লিংকডইনের চিফ প্রোডাক্ট অফিসার হরি শ্রীনিবাসন বলেন, এখন অনেক মানুষ নিজের ব্যবসা শুরু করছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা নতুন উদ্যোগ শুরু করা সহজ করেছে কি না, তা নিশ্চিত করে বলা কঠিন। তাঁর বক্তব্য, এআই দিয়ে দ্রুত সফটওয়্যার বানানো গেলেও ব্যবসা গড়তে আরও অনেক কিছু ভাবতে হয়।