নিউজ ফিড নিজের মতো সাজাতে ফেসবুকে ‘ইয়োর অ্যালগরিদম’ চালু করেছে মেটা
এআই ও লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের সাহায্যে নিজের ভাষায় পছন্দ জানানো যাবে নিউজ ফিড ও রিলসের জন্য
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
ফেসবুকের নিউজ ফিডে বারবার অপ্রাসঙ্গিক পোস্ট বা অপছন্দের কনটেন্ট দেখা গেলে ব্যবহারকারীর বিরক্তি তৈরি হয়। এত দিন কোন পোস্ট বা ভিডিও দেখানো হবে, তা ঠিক করতে ফেসবুকের অ্যালগরিদম নির্ভর করত ব্যবহারকারীর লাইক, মন্তব্য ও কনটেন্ট দেখার অভ্যাসের মতো নানা আচরণের ওপর। এবার কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় ব্যবহারকারীরা নিজের ভাষায় জানাতে পারবেন, নিউজ ফিড ও রিলসে তাঁরা কী ধরনের কনটেন্ট বেশি বা কম দেখতে চান। এ জন্য ‘ইয়োর অ্যালগরিদম’ নামে নতুন সুবিধা চালু করেছে মেটা।
বিজ্ঞাপন
গত ১৩ অক্টোবর মেটা জানায়, নতুন সুবিধায় ব্যবহারকারীরা সরাসরি নিজেদের পছন্দের বিষয় জানাতে এবং প্রয়োজনমতো তা বদলাতে পারবেন। এত দিন কোন পোস্টে লাইক দিচ্ছেন, কোন ভিডিও কতক্ষণ দেখছেন কিংবা কোন ধরনের কনটেন্টে বেশি প্রতিক্রিয়া জানাচ্ছেন, এসবের ভিত্তিতেই ব্যবহারকারীর আগ্রহ বোঝার চেষ্টা করত ফেসবুক। নতুন ব্যবস্থায় ব্যবহারকারীর লিখিত নির্দেশনাও কনটেন্ট রেকোমেন্ডেশনে বিবেচনা করা হবে। ফলে পছন্দে বদল আনলে নিউজ ফিড ও রিলসের কনটেন্টও অ্যালগরিদম সে অনুযায়ী সাজিয়ে দেবে।
সুবিধাটি ব্যবহার করতে ফেসবুকের নিউজ ফিড বা রিলসে কোনো পোস্টের পাশের তিন ডট মেনুতে যেতে হবে। সেখান থেকে ‘ইয়োর অ্যালগরিদম’ অপশন বেছে নিয়ে পছন্দের বিষয়গুলো যোগ ও পরিচালনা করা যাবে। যেমন, কেউ প্রযুক্তিবিষয়ক খবর বা আরও নির্দিষ্ট করে স্মার্টফোনের রিভিউ বেশি দেখতে চাইলে তা লিখে জানাতে পারবেন। আবার রান্নার ভিডিও বা অন্যান্য প্রচারণামূলক ও অপ্রাসঙ্গিক পোস্ট কম দেখতে চাইলে সেটিও জানানো যাবে।
এ ছাড়া কোনো পোস্টের পাশের তিন ডট মেনু থেকে ‘ইন্টারেস্টেড’ বা ‘নট ইন্টারেস্টেড’ বেছে নিয়ে অ্যালগরিদমকে নিজের পছন্দ জানানো যাবে। কোনো কনটেন্ট কেন অপছন্দ হয়েছে বা কেন তা আর দেখতে চান না, তা স্পষ্ট করতে ফেসবুক প্রয়োজনে ব্যবহারকারীর কাছে অতিরিক্ত তথ্য জানতে চাইতে পারে। ব্যবহারকারীর দেওয়া ব্যাখ্যার ভিত্তিতে কনটেন্ট রেকোমেন্ডেশন আরও নির্দিষ্ট ও পছন্দসই করা হবে।
সুবিধাটি কার্যকর করতে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) ব্যবহার করছে মেটা। প্রতিষ্ঠানটির ভাষ্য, এই প্রযুক্তি ব্যবহারকারীর স্বাভাবিক ভাষায় লেখা নির্দেশনা বিশ্লেষণ করে তাঁর আগ্রহ ও পছন্দ অনুযায়ী কনটেন্ট রেকোমেন্ডেশন সাজাতে সহায়তা করবে। তবে এতে নিউজ ফিডের ওপর ব্যবহারকারীর পূর্ণ নিয়ন্ত্রণ থাকে, বিষয়টি এমন নয়। আগের মতোই লাইক, মন্তব্য ও ভিডিও দেখার অভ্যাসসহ বিভিন্ন ইন্টারঅ্যাকশন প্যাটার্নের ভিত্তিতে কনটেন্ট সাজাবে ফেসবুকের অ্যালগরিদম। এর সঙ্গে এবার যুক্ত হবে ব্যবহারকারীর সরাসরি দেওয়া নির্দেশনাও।
বিজ্ঞাপন
ফেসবুকের আগে ইনস্টাগ্রামেও একই ধরনের ‘ইয়োর অ্যালগরিদম’ সুবিধা চালু করেছে মেটা। থ্রেডসেও ‘ডিয়ার অ্যালগো’ নামে অনুরূপ একটি ব্যবস্থা রয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের পছন্দ অনুযায়ী কনটেন্ট রিকোমেন্ডেশন সাজাতে পারেন।