ইয়ামাল এখন বিশ্বের সেরা খেলোয়াড়, বললেন বার্সা কোচ ফ্লিক
বেতিসকে ৫-২ গোলে হারিয়ে লা লিগায় টানা ৯ জয়ে শীর্ষে বার্সেলোনা, ইয়ামালকে সেরা বলছেন নেইমারও
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
মাঠে লামিন ইয়ামালের অবিশ্বাস্য সব পারফরম্যান্সের আড়ালে একটি সত্য থেকে যায়: তিনি নেহায়েত ১৯ বছর বয়সী এক তরুণ। বিশ্ববাসীকে সেই কথাটাই নতুন করে মনে করিয়ে দিলেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। শনিবার (১৭ অক্টোবর) রিয়াল বেতিসের বিপক্ষে একের পর এক আক্রমণে মুগ্ধতা ছড়িয়েছেন বার্সেলোনার এই তরুণ। ম্যাচের পর বার্সা কোচ দাবি করেন, এই মুহূর্তে ইয়ামালই বিশ্বের সেরা খেলোয়াড়।
বিজ্ঞাপন
রিয়াল বেতিসকে ৫-২ গোলে হারিয়ে লা লিগায় জয়যাত্রা ধরে রেখেছে হান্সি ফ্লিকের দল। শুধু জয়ই নয়, এই ম্যাচে ৫৮ বছরের পুরোনো এক কীর্তিও ছুঁয়েছে বার্সেলোনা। লা লিগার ইতিহাসে মাত্র দ্বিতীয় দল হিসেবে মৌসুমের প্রথম ৯ ম্যাচের সবকটিতে জিতেছে তারা। এর আগে ৫৮ বছর আগে এমন কীর্তি গড়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।
জানা যায়, প্রথম গোল করে এবং তৃতীয় গোলে অ্যাসিস্ট করে ম্যাচ জেতানো ভূমিকা রেখেছেন ইয়ামাল। পুরো ম্যাচে ডানপ্রান্ত দিয়ে প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করে গেছেন ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। তার এমন পারফরম্যান্সের পর প্রশংসা করতে কার্পণ্য করেননি ফ্লিক।
বায়ার্ন মিউনিখ ও জার্মান জাতীয় দলে কাজ করার সুবাদে অনেক বিশ্বমানের প্রতিভাকে দেখার সুযোগ হয়েছে ফ্লিকের। সেই অভিজ্ঞতা থেকেই ইয়ামালকে অন্যদের চেয়ে এগিয়ে রাখলেন তিনি।
ইয়ামালের প্রথম গোলটি দেখে বিশেষভাবে মুগ্ধ ফ্লিক। প্রতিপক্ষের কয়েকজন খেলোয়াড়কে বোকা বানিয়ে বক্সের প্রান্ত থেকে উঁচু শটে জাল কাঁপান তিনি। ম্যাচের পর সংবাদ সম্মেলনে ফ্লিক বলেন, ‘তার করা প্রথম গোলই দেখুন, এটা অসাধারণ। ঠিক এখন সে বিশ্বের সেরা খেলোয়াড়।’
বিজ্ঞাপন
বার্সা কোচ জানান, ইয়ামালের পারফরম্যান্সে তিনি খুব খুশি। তিনি আরও বলেন, ‘অবশ্য তার চাপ আছে, তার বয়স ১৯ বছর এবং প্রত্যেক ম্যাচেই খেলেছে। কিন্তু সে শতভাগ মনোযোগী ও প্রতিশ্রুতিবদ্ধ। সে খুব ভালো। তার পারফরম্যান্স ও মানসিকতা অবিশ্বাস এবং সেরা খেলোয়াড়রা এমনই।’
ফ্লিক বলেন, ‘আমি তাকে বলেছিলাম আমি খুব গর্বিত। কারণ সে চমৎকার খেলা খেলেছে।’
টানা ৯ জয়ে ২৭ পয়েন্ট নিয়ে লা লিগা টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা। ৯ পয়েন্ট পিছিয়ে চার নম্বরে থাকা রিয়াল মাদ্রিদের বিপক্ষে তাদের পরবর্তী লিগ ম্যাচ। তার আগে চ্যাম্পিয়নস লিগে প্যারিস সেন্ট জার্মেইর মুখোমুখি হবে কাতালানরা।
এদিকে ২০২৬ সালের ব্যালন ডি’অর কার হাতে উঠবে, তা নিয়ে ফুটবলবিশ্বে আলোচনা চলছে। সম্ভাব্য বিজয়ীদের তালিকায় আছেন একাধিক তারকা। তবে নিজের পছন্দের খেলোয়াড় বেছে নিতে দ্বিধা করেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার জুনিয়র। তার চোখে, এই মুহূর্তে বিশ্বের সেরা ফুটবলার বার্সেলোনার স্প্যানিশ তরুণ লামিনে ইয়ামাল।