মাথায় ভয়াবহ চোট পেয়ে হাসপাতালে চেলসি গোলরক্ষক এমি মার্তিনেজ
পেদ্রো নেতোর দুই গোলে এভারটনকে হারিয়েছে চেলসি, ৭ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
এভারটনের বিপক্ষে ম্যাচ চলাকালে মাথায় ভয়াবহ চোট পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চেলসির গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। শনিবার (১৭ অক্টোবর) হিল ডিকিনসন স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ম্যাচে চোটের তীব্রতার কারণে মাঠেই প্রায় নয় মিনিট এই আর্জেন্টাইন তারকার চিকিৎসা চলে।
বিজ্ঞাপন
ম্যাচের দ্বিতীয়ার্ধের শেষ দিকে হাওয়ায় ভাসানো বল ক্লিয়ার করতে গিয়ে এভারটনের জ্যারাড ব্রান্থওয়েটের সঙ্গে মুখ ও মাথায় প্রচণ্ড ধাক্কা খান মার্তিনেজ। সঙ্গে সঙ্গে মাঠে লুটিয়ে পড়েন তিনি। দীর্ঘ সময় চিকিৎসা দেওয়ার পর শেষ পর্যন্ত তাঁকে স্ট্র্যাচারে করে মাঠের বাইরে নিতে হয়।
ম্যাচ শেষে চেলসি কোচ জাবি আলোনসো জানান, মাঠ ছাড়ার সময় ৩৪ বছর বয়সী এই গোলকিপারের জ্ঞান ছিল। সতর্কতামূলক পরীক্ষা-নিরীক্ষার জন্য তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে।
ম্যাচের ৬৭ মিনিটে এভারটনের ফ্রি-কিক ঠেকাতে গোলপোস্ট ছেড়ে এগিয়ে যান মার্তিনেজ। বল পাঞ্চ করে বিপদমুক্ত করতে গিয়ে এভারটন ডিফেন্ডারের সঙ্গে তাঁর সংঘর্ষ হয়। দুজনই মাঠে চিকিৎসা নেন। ব্র্যান্থওয়েট দ্রুত সেরে উঠলেও মার্তিনেজকে দীর্ঘ সময় ধরে চিকিৎসা দিতে হয়।
চেলসির চিকিৎসক দল ও প্যারামেডিকরা মাঠেই মার্তিনেজের চিকিৎসা করেন। পরে অক্সিজেন দেওয়া অবস্থায় স্ট্রেচারে করে তাঁকে মাঠের বাইরে নেওয়া হয়। ৭৫ মিনিটে তাঁর জায়গায় ২১ বছর বয়সী গোলকিপার মাইক পেন্ডার্সকে নামায় চেলসি। মাঠে চিকিৎসার কারণে খেলা অনেকক্ষণ বন্ধ থাকায় নির্ধারিত সময়ের পর ১১ মিনিট যোগ করেন রেফারি।
বিজ্ঞাপন
মার্তিনেজের চোটের দুঃসংবাদের মধ্যেও জয় নিয়েই মাঠ ছেড়েছে চেলসি। পেদ্রো নেতোর দুই গোলে এভারটনকে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট পেয়েছে দলটি। ম্যাচ শেষে টিএনটি স্পোর্টসকে নেতো বলেন, ‘আমরা খুব খুশি। এমির জন্য খারাপ লাগছে। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করি। এই জয় তাঁর জন্য।’
৭ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লিগ টেবিলের চতুর্থ স্থানে আছে চেলসি।