‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
গেন্ডারিয়ায় পিস্তল হাতে অভিযানের ভিডিও প্রকাশের পর ফেসবুকে খোঁচা এনসিপি নেতার
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
পিস্তল হাতে মাদক কারবারে জড়িত সন্দেহে কয়েকজনকে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের ধাওয়া করার ভিডিও প্রকাশ পাওয়ার পর এ নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। শনিবার (১৭ অক্টোবর) তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে তিনি লিখেছেন, ‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাক ভাইয়ের কাছে নাকি?’
বিজ্ঞাপন
গেন্ডারিয়া থানার ৪৫ নম্বর ওয়ার্ডে রেললাইনসংলগ্ন একটি বস্তিতে ১৭ অক্টোবর ‘মাদকের আস্তানায়’ হঠাৎ অভিযানে যান প্রতিমন্ত্রী ইশরাক। মাদক কারবারে জড়িত সন্দেহে সে সময় ছয়জনকে আটক করা হয়।
প্রতিমন্ত্রী নিজেই অভিযানের ভিডিও তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেন। ভিডিওর ক্যাপশন ছিল, ‘ইশরাকের অ্যাকশন: মাদক আস্তানা গুঁড়িয়ে বিক্রেতাদের পুলিশে সোপর্দ’। ভিডিওতে দেখা যায়, গাড়ি থেকে নেমে এক হাতে পিস্তল ও আরেক হাতে মাইক্রোফোন নিয়ে তিনি কয়েকজনের পেছনে ছুটছেন। তাঁর সঙ্গীরা কয়েকজনকে ধরে ফেলেন, বাকিরা দৌড়ে পালিয়ে যান।
একপর্যায়ে আটক ব্যক্তিদের উদ্দেশে ইশরাক বলেন, ‘পুরা শহরটারে ধ্বংস করতাছোস, পুরা এলাকারে ধ্বংস করতাছোস।’ এরপর কয়েকজনকে ধরে রেখে থানায় ফোন করতে বলেন তিনি।
এর আগে ২০২৫ সালের ২৯ জুন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাগে গুলির ম্যাগজিন পাওয়া যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে সে ঘটনা নিয়ে আলোচনা-সমালোচনা হয়েছিল। সেই প্রসঙ্গ টেনেই এনসিপির এই নেতা ইশরাককে খোঁচা দিয়েছেন।