আওয়ামী লীগের ভাষায় বিএনপিকে আক্রমণ এনসিপির জন্য বুমেরাং হবে: রাশেদ খাঁন
টকশোতে সিনিয়র নেতাদের সঙ্গে ছাত্রদলের নেতাদের পাঠানোর পরামর্শ প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর
নিজস্ব প্রতিবেদক · ঢাকা
প্রকাশ:
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, আওয়ামী লীগের ভাষায় বিএনপিকে আক্রমণ করার যে পথ এনসিপি বেছে নিয়েছে, তা তাদের নিজেদের জন্যই বুমেরাং হবে। টেলিভিশন টকশোতে বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে এনসিপির নেতারা অসহনীয় আচরণ করেন বলেও মন্তব্য করেন তিনি।
বিজ্ঞাপন
শনিবার (১৭ অক্টোবর) এক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খাঁনের ভাষ্য, ৫ আগস্টের পর জন্ম নেওয়া এনসিপির কতিপয় বিপ্লবী টকশোতে বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে যে পরিমাণ বেয়াদবি করছেন, তা অসহনীয়। কিছু টেলিভিশন হাউস সিনিয়র নেতাদের বিপরীতে এমন একজন বেয়াদবকে ডাকে, যা সিনিয়রদের জন্য অন্তত বিব্রতকর। তিনি পরামর্শ দেন, এসব ক্ষেত্রে সিনিয়র নেতাদের উচিত ওদের সঙ্গে ছাত্রদলের নেতাদের সাজেস্ট করা। সিনিয়ররা ওদের সঙ্গে যাওয়া এড়িয়ে গেলে ওদের ডাকাও বন্ধ হয়ে যাবে। তাঁর মতে, ওদের সঙ্গে টকশোতে যাওয়ার কারণেই ওরা নিজেদের বিশাল হনু মনে করে।
নিজের মতামত তুলে ধরে তিনি আরও বলেন, ওদের সঙ্গে টকশোতে গিয়ে তর্কে জড়িয়ে সিনিয়রদের বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত করা মোটেও শোভনীয় নয়। ওরা যে ভাষা ও সুরে কথা বলে, সেই ভাষা ও সুরে জবাব দেওয়ার জন্য ছাত্রদলই উপযুক্ত ও যথেষ্ট। অনেকগুলো টকশোতে সিনিয়রদের প্রতি ওদের বেয়াদবি পর্যবেক্ষণ করার পরই তিনি এই মন্তব্য করতে বাধ্য হয়েছেন।
পোস্টে রাশেদ খাঁন আরও বলেন, জামায়াতে ইসলামীর লোকজন অন্তত ওদের মতো বেয়াদবি করে না। এনসিপির কতিপয় ৫ আগস্ট-পরবর্তী বিপ্লবী আওয়ামী লীগের ভাষায় বিএনপিকে আক্রমণ করার যে পথ বেছে নিয়েছে, সেটি ওদের জন্যই বুমেরাং হবে।