সাত মাসে ১৭ বার জাতির সঙ্গে প্রতারণা করেছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ
গণভোটের ফল না মেনে সংস্কার পরিষদের শপথ নেননি সরকারি দলের এমপিরা, দাবি এনসিপি নেতার
নিজস্ব প্রতিবেদক · ঢাকা
প্রকাশ:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও গত সাত মাসে ১৭ বার জাতির সঙ্গে প্রতারণা করেছে বিএনপি।
বিজ্ঞাপন
রোববার (১৮ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আমার বাংলাদেশ (এবি) পার্টি আয়োজিত ‘জুলাই সনদের এক বছর সালতামামি’ শীর্ষক মুক্ত আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, এখন প্রতিদিনই একটি করে প্রতিশ্রুতি ভাঙছে বিএনপি। ভাঙার পর দম্ভ করে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের ঘোষণা দিচ্ছে দলটি। এভাবে ইতিমধ্যে জুলাই সনদের ১৭টি ধারা লঙ্ঘন করেছে তারা। সাত মাসে জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে ১৭ বার।
এনসিপির এই নেতা বলেন, বিএনপি ভেবেছিল এক পা ডাঙায় আর আরেক পা জলে রেখে সাঁতরে পুকুর পার হবে। এতে পার হতে পারলেও লুঙ্গি ঠিক থাকবে না। তিনি জানান, তাঁরা বারবার একটি সংস্কার পরিষদ গঠনের দাবি জানিয়েছিলেন। গণভোটের মধ্য দিয়ে ৩০০ সংসদ সদস্যকে ১৮০ দিনের জন্য এই সংস্কারের ক্ষমতা দিয়েছিল জনগণ। অথচ গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের অর্ধেক ফলাফল মেনেছে বিএনপি সরকার, বাকি ফলাফল মানেনি।
আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া নির্বাচনের উদাহরণ টেনে হাসনাত আবদুল্লাহ বলেন, ওই সময়ে নানা বিতর্কিত নির্বাচন হয়েছিল। ঠিক একই কায়দায় বিএনপি কিছু মানছে, কিছু মানছে না। অর্থাৎ পক্ষে গেলে মানছে, নয়তো মানছে না।
বিজ্ঞাপন
তাঁর ভাষ্য, গণভোটের ফলাফল না মেনে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি সরকারি দলের এমপিরা। এতে জুলাই সনদটি এখন আর ফাংশনাল নেই; বিএনপি নিজের হাতে এটি অন্ধকার করেছে। এরপরও প্রতিদিন তারা বলছে, অক্ষরে অক্ষরে পালন করবে। এ কথা বলতে বলতেই গত সাত মাসে জনগণের সঙ্গে প্রতারণা করেছে দলটি।