মনে হচ্ছে, এক লুটেরার হাত থেকে অন্য লুটেরার হাতে ক্ষমতা গেছে: জামায়াত আমির
গাজীপুর মহানগর জামায়াতের রুকন সম্মেলনে বর্তমান সরকারকে হাসিনা সরকারের পরিণতি নিয়ে সতর্ক করেন শফিকুর রহমান
নিজস্ব প্রতিবেদক · গাজীপুর
প্রকাশ:
বিচার ও শিক্ষা বিভাগে অনিয়ম, দুর্নীতি ও দলীয়করণের মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের দেখানো পথেই হাঁটছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তাঁর মতে, এভাবে চলতে থাকলে বর্তমান সরকারের পরিণতিও শেখ হাসিনার সরকারের মতো হবে। তিনি বলেন, পরিস্থিতি দেখে মনে হচ্ছে, এক লুটেরার হাত থেকে অন্য লুটেরার হাতে ক্ষমতা গেছে।
বিজ্ঞাপন
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে গাজীপুর মহানগর জামায়াতের উদ্যোগে টঙ্গীর শহীদ আবদুল মালেক মিলনায়তনে ২০২৬ সালের রুকন (সদস্য) সম্মেলন হয়। সেখানে জামায়াতের আমির এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, দেশে এখনো মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি। গণভোটকে অস্বীকার করা এবং জুলাই সনদ বাস্তবায়ন না করার পরিণাম ভয়াবহ হতে পারে। সমাজে দুর্নীতি, অনিয়ম ও অন্যায় ব্যাপক হারে বেড়েছে। বিগত নির্বাচনের আগে একটি দল বলেছিল, নির্বাচন হলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু বাস্তবে সমস্যা দ্বিগুণ হয়েছে।
২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর মানুষের প্রত্যাশার কথা তুলে ধরে তিনি বলেন, জামায়াত ও তরুণ সমাজ শোষণমুক্ত, বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিল। কিন্তু বর্তমান সরকার বৈষম্যের নতুন মাত্রা যোগ করছে। শিক্ষাঙ্গনে দলীয়করণ, লুটপাট এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভাগ বসানোর ঘটনা ঘটছে। পরিস্থিতি দেখে মনে হচ্ছে, এক লুটেরার হাত থেকে অন্য লুটেরার হাতে ক্ষমতা গেছে।
আগামী স্থানীয় সরকার নির্বাচনে পূর্ণ শক্তি নিয়ে কাজ করে বিজয় ছিনিয়ে আনার তাগিদ দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে কেন্দ্রীয় সরকার চললেও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো চালানো হচ্ছে ক্ষমতাসীন দল বিএনপির পছন্দের লোক দিয়ে। ফলে দেশে কার্যত দুই ধরনের সরকারব্যবস্থা চলছে—একটি জনগণের ভোটের ভিত্তিতে, অন্যটি বিএনপির পছন্দে।
বিজ্ঞাপন
শফিকুর রহমান আরও অভিযোগ করেন, পছন্দের লোক বসিয়ে সিন্ডিকেট তৈরির মাধ্যমে স্থানীয় সরকারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও করপোরেশনে লুটপাটের রাজত্ব কায়েম করা হচ্ছে।