কারিনা কাপুর খান ও সাইফ আলি খানের মুঘল আমলের আভিজাত্যে সাজ
দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শর্মা শো-তে কারিনা পরেছিলেন সিঁদুরে লাল সালোয়ার-কামিজ, সাইফ কালো বন্ধগলা পোশাক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
রাজকীয় সাজে নজর কাড়ার ক্ষেত্রে কারিনা কাপুর খান ও সাইফ আলি খানের জুড়ি মেলা ভার। সম্প্রতি দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শর্মা শো-তে এসে ঐতিহ্যবাহী পোশাকে নিজেদের ফ্যাশন-রুচির পরিচয় দেন এই তারকা দম্পতি।
বিজ্ঞাপন
১৪ অক্টোবর ফটোশুটের সময় পাপারাজ্জিদের ক্যামেরার সামনে একসঙ্গে পোজ দেন তাঁরা। কারিনার বাছাই ছিল সিঁদুরে লাল সালোয়ার-কামিজ, সাইফ পরেছিলেন স্টাইলিশ কালো বন্ধগলা পোশাক। দুজনের সাজেই রাজকীয় আভিজাত্যের ছাপ ছিল।
কারিনার পোশাক বানিয়েছেন ডিজাইনার অর্পিতা মেহতা, স্টাইলিংয়ে ছিলেন লক্ষ্মী লেহর। উজ্জ্বল সিঁদুরে লাল সালোয়ার-কামিজে ছিল ঐতিহ্যবাহী বান্ধনি প্রিন্ট। কুর্তার পাড়, হাতা ও সামনের অংশে সূক্ষ্ম কারুকাজ দেখা গেছে। পোশাকের নকশায় অর্পিতা মেহতার স্বাক্ষরধর্মী মিরর ও গোটাপট্টির কাজ ছিল। গোলাকার গলা ও পূর্ণ দৈর্ঘ্যের হাতা পোশাকটিকে আরও আকর্ষণীয় করেছে।
কুর্তার সঙ্গে একই রঙের মেঝে ছোঁয়া ফারশি সালোয়ার পরেন কারিনা। এর নকশায় অনুপ্রেরণা এসেছে মুঘল ও অযোধ্যার রাজকীয় পোশাক থেকে। বান্ধনি নকশার ওড়নার পাড়ে সূচিকর্ম আর পুঁতির ঝালর যোগ করেছে আভিজাত্য।
গয়নায় তিনি পরিমিত সাজই বেছেছেন: কানে কুন্দনের দুল, পায়ে সোনালি স্ট্র্যাপের হিল। ভারী কারুকাজের পোশাকটিই ছিল সাজের মূল আকর্ষণ। মেকআপেও স্বাভাবিকতার ছোঁয়া। চোখে চেনা কাজল, মাসকারা ও উইংড আইলাইনার, ঠোঁটে হালকা চকচকে লিপস্টিক এবং কপালে লাল টিপ তাঁর সাজে এনেছে সাবেকি সৌন্দর্য।
বিজ্ঞাপন
কারিনার সাজের সঙ্গে মিল রেখে সাইফ আলি খান ছিলেন আগাগোড়া কালো পোশাকে। কালো সিল্কের ছোট কুর্তা ও পায়জামায় ঢিলেঢালা নকশা, দুপাশে স্লিট আর গুটিয়ে রাখা হাতা তাঁকে দিয়েছে স্বচ্ছন্দ অথচ স্টাইলিশ চেহারা।
কুর্তার ওপর ছিল নকশা করা সিল্কের ঐতিহ্যবাহী বন্ধগলা জ্যাকেট। সামনের বোতাম, বিশেষ ধরনের গলার নকশা আর শরীরের সঙ্গে মানানসই কাটিংয়ে জ্যাকেটটি পেয়েছে পরিপাটি আভিজাত্য। সঙ্গে ছিল ফ্লেয়ারড কালো প্যান্ট, ফরমাল জুতো, কালো সানগ্লাস ও বিলাসবহুল ঘড়ি। কালো পোশাকে সাইফের সাবেকি রাজকীয়তা ও আধুনিক স্টাইল নজর কেড়েছে।