হামের উপসর্গে একদিনে চারজনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯২ জন
১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যু পৌঁছেছে ১ হাজার ১৮১ জনে
স্বাস্থ্য ডেস্ক · ঢাকা
প্রকাশ:
সারা দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৮টার মধ্যে এসব মৃত্যু ঘটে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৯২ জন।
বিজ্ঞাপন
স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গে দেশে ১ হাজার ৭৭ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৪ শিশু। ফলে হাম ও হামের উপসর্গে শিশুর মৃত্যু ১ হাজার ১৮১ জনে পৌঁছেছে।
অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হামের রোগী ১ হাজার ৩০৬ জন এবং নিশ্চিত হাম শনাক্ত ৮৬ জনের। এভাবে ওই সময়ে মোট ১ হাজার ৩৯২ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।
১৫ মার্চ থেকে আজ পর্যন্ত সন্দেহজনক হামের রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৮৬ হাজার ৫৮৩ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৭৮ হাজার ৮৬৯ জন।
অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত ২ লাখ ৯ হাজার ৮৭৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ সময়ের মধ্যে হাম শনাক্ত হয়েছে ২২ হাজার ৯২৬ জনের।