আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী প্রকৌশলীর স্ত্রী ও ছেলে নিহত
গুরুতর আহত স্বরূপ কান্তি বিশ্বাস হাসপাতালে চিকিৎসাধীন; চিকিৎসকদের বরাতে তাঁর অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি প্রকৌশলী স্বরূপ কান্তি বিশ্বাসের স্ত্রী অসীমা চৌধুরী ও তাঁদের ১৫ বছর বয়সী একমাত্র ছেলে অরিত্র বিশ্বাস নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত স্বরূপ বিশ্বাস হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, তাঁর অবস্থা আশঙ্কামুক্ত।
বিজ্ঞাপন
সোমবার (১২ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে আল-আইন রোডের আল ওয়াতবা ব্রিজের কাছে দুর্ঘটনাটি ঘটে। পরিবার নিয়ে একটি সামাজিক অনুষ্ঠানে যাওয়ার পথে স্বরূপ বিশ্বাসের চালানো গাড়িকে পেছন থেকে দ্রুতগতির আরেকটি গাড়ি ধাক্কা দেয়। এতে তাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ে আছড়ে পড়ে। ঘটনাস্থলেই অসীমা ও অরিত্রর মৃত্যু হয়।
নিহতদের মরদেহ আবুধাবির বানিয়াস এলাকার কেন্দ্রীয় মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের বিষয়ে স্বজন ও কমিউনিটির নেতারা যোগাযোগ করছেন।
স্বরূপ বিশ্বাস চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বাসিন্দা এবং আবুধাবির বাঙালি কমিউনিটিতে পরিচিত মুখ। তাঁর স্ত্রী অসীমা চৌধুরীর পৈতৃক নিবাস চট্টগ্রামের রাউজানে। এই দম্পতির আরেকটি কন্যাসন্তান রয়েছে। মর্মান্তিক এ দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।