মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে অভিযানে ১৯৯ বাংলাদেশিসহ ৬৩০ বিদেশি আটক
আটকদের মধ্যে সবচেয়ে বেশি ৩৯৬ জন চীনা নাগরিক; অভিযানে ৬৯৭ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়।
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
মালয়েশিয়ার কেদাহ রাজ্যের কুলিমের পাদাং মেহায় একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে ৬৩০ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। আটক ব্যক্তিদের মধ্যে ১৯৯ জন বাংলাদেশি। সোমবার (১২ অক্টোবর) এ অভিযান চালানো হয় বলে জানান কেদাহ ইমিগ্রেশন ডিরেক্টর মোহাম্মদ রিদজুয়ান মোহাম্মদ জেইন।
বিজ্ঞাপন
তিনি জানান, অভিযানে কর্মকর্তারা ৬৯৭ জনকে জিজ্ঞাসাবাদ করেন। তাঁদের মধ্যে ১৮ থেকে ৫০ বছর বয়সী ৬৩০ জন বিদেশিকে আটক করা হয়েছে; এঁদের ৬২২ জন পুরুষ ও আটজন নারী।
আটকদের মধ্যে সবচেয়ে বেশি চীনা নাগরিক, ৩৯৬ জন। এরপর রয়েছেন ১৯৯ জন বাংলাদেশি, ১০ জন পাকিস্তানি, সাত জন মিয়ানমারের নাগরিক, পাঁচজন ভারতীয়, চারজন ঘানার নাগরিক, তিন জন নাইজেরিয়ার, দুইজন কেনিয়ার, দুইজন ইন্দোনেশিয়ার, একজন নিউজিল্যান্ডের এবং একজন সেনেগালের নাগরিক।
অভিযান চলাকালে আটক ব্যক্তিদের কয়েকজন পালানোর চেষ্টা করেন। তাঁদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ জায়গায় লুকিয়ে পড়েন, এমনকি নির্মাণাধীন ভবনের ছাদেও উঠে যান। একদল আটক ব্যক্তির উসকানিমূলক আচরণে অভিবাসন কর্মকর্তাদের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়, যা সামাল দিতে কর্মকর্তাদের দ্রুত পদক্ষেপ নিতে হয়।
প্রায় পাঁচ লাখ বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত নির্মাণস্থলে অভিযান চালাতে গিয়ে কর্মকর্তারা নানা নিরাপত্তা ও লজিস্টিক সমস্যার মুখে পড়েন। ভারী বৃষ্টিতে পিচ্ছিল মেঝে, জমে থাকা পানি ও কাদামাখা পথে চলাচল কঠিন হয়ে ওঠে। এর সঙ্গে ছিল নির্মাণাধীন ভবনের অসম্পূর্ণ কাঠামো, লিফটের গর্ত, উন্মুক্ত রড, ছড়িয়ে-ছিটিয়ে থাকা নির্মাণসামগ্রী, ভারী যন্ত্রপাতির চলাচল এবং উঁচু স্থানে কাজ করার ঝুঁকি, যা অভিযানকারীদের জন্য দুর্ঘটনার আশঙ্কা তৈরি করে।
বিজ্ঞাপন
মালয়েশিয়ার অভিবাসন বিভাগ নিয়োগকর্তা, প্রধান ঠিকাদার ও উপঠিকাদারদের সতর্ক করে বলেছে, বিদেশি কর্মী নিয়োগের সময় প্রত্যেকের বৈধ ভ্রমণ নথি এবং অনুমোদিত পাস বা ওয়ার্ক পারমিট আছে কি না নিশ্চিত করতে হবে। একই সঙ্গে অভিবাসন বিভাগের নির্ধারিত সব শর্ত মেনে চলতে হবে।
রিদজুয়ান মোহাম্মদ জেইন আরও বলেন, সব বিদেশি কর্মীর যেন বৈধ ভ্রমণ নথি ও অভিবাসন পাস বা অনুমতিপত্র থাকে এবং তাঁরা যেন অভিবাসনসংক্রান্ত নিয়মাবলি মেনে চলেন, এ উদ্দেশ্যেই অভিযান চালানো হয়েছে।