পাকিস্তানি ধারাবাহিক ‘শেইদাই’-এর গল্প নকলের অভিযোগ নিলয়-হিমির নাটকে
তানভীর তন্ময় পরিচালিত ‘প্রথম প্রেমের গল্প’-এর ইউটিউবে প্রকাশিত দুই পর্ব নিয়ে বিতর্ক
বিনোদন ডেস্ক · ঢাকা
প্রকাশ:
পাকিস্তানের তুমুল জনপ্রিয় ধারাবাহিক ‘শেইদাই’-এর গল্প হুবহু নকল করার অভিযোগ উঠেছে বাংলাদেশি নাটক ‘প্রথম প্রেমের গল্প’-এর বিরুদ্ধে। ফিরোজ খান ও শেহের আলী অভিনীত ওই ধারাবাহিকের সঙ্গে মিল নিয়ে প্রশ্ন উঠেছে তানভীর তন্ময় পরিচালিত এই নাটক নিয়ে। নাটকটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি।
বিজ্ঞাপন
সম্প্রতি ইউটিউবে নাটকটির দুটি পর্ব প্রকাশের পরই বিতর্ক শুরু হয়। দর্শকদের একটি বড় অংশের অভিযোগ, পাকিস্তানি নাটকের কাহিনি অবিকল ব্যবহার করা হলেও নাটকে কোনো লেখকের নাম রাখা হয়নি।
এমনকি ইউটিউবের শিল্পী ও কুশলীদের তালিকায় কিংবা নাটকের পোস্টারেও চিত্রনাট্যকার বা মূল রচয়িতার নাম উল্লেখ করা হয়নি।
নিলয় ও হিমি ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন ফারিন খানসহ আরও কয়েকজন সুপরিচিত অভিনয়শিল্পী।
ইন্টারনেটের এই যুগে বিশ্বের যেকোনো দেশের নাটক দেখা সহজ হওয়ায় নকলের বিষয়টি দর্শকরা দ্রুত ধরে ফেলছেন। অনেকেই মন্তব্য করছেন, নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমির মতো জনপ্রিয় শিল্পীদের কাছ থেকে দর্শক সব সময় মৌলিক কাজ প্রত্যাশা করেন।
বিজ্ঞাপন
তাদের মতে, বিদেশি নাটকের গল্প এভাবে অনুকরণ করা হলে দেশীয় নাটকের নিজস্ব মৌলিকতা ও স্বকীয়তা নষ্ট হতে পারে। এতে তাৎক্ষণিকভাবে ভিউ বাড়লেও দীর্ঘমেয়াদে নাটকের মান নিয়ে প্রশ্ন থেকে যায়।