ভারত ছাড়ার নির্দেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করছেন ইমরান খান
ইমরানের পক্ষে মামলা লড়বেন এমজেডএম লিগ্যাল এলএলপির আইনজীবীরা, শুক্রবার আবেদন জমা দেওয়ার কথা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
গত ১০ অক্টোবর মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এক বিক্ষোভ হয়। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে ওই কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। তাঁদের দাবি, এ প্রক্রিয়ায় দেশজুড়ে প্রায় ১৩ কোটি ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বিক্ষোভে অংশ নেওয়া বলিউড অভিনেতা ইমরান খানকে পরে আটক করা হয়; তাঁর সঙ্গে ছিলেন অভিনেত্রী ও প্রেমিকা লেখা ওয়াশিংটন এবং কাজিন জেইন মেরি।
বিজ্ঞাপন
ঘটনার পর মুম্বাইয়ের গামদেবী থানায় ইমরানের বিরুদ্ধে অভিযোগ করেন বিজেপি নেতা কিরিট সোমাইয়া। তাঁর অভিযোগ, যুক্তরাষ্ট্রের নাগরিক ও ভারতের ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ডধারী ইমরান রাজনৈতিক সমাবেশে অংশ নিয়ে ফরেনার্স অ্যাক্ট লঙ্ঘন করেছেন। পুলিশ পরে এই অভিযোগ এফআরআরওতে পাঠায়, আর সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এর ভিত্তিতেই ইমরানকে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়।
ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের (এফআরআরও) নির্দেশ অনুযায়ী ইমরানকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়তে হবে। আমির খানের ভাগনে ইমরান এই নির্দেশ চ্যালেঞ্জ করে মুম্বাই হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার আদালতে আবেদন জমা দেওয়ার কথা রয়েছে, এরপর জরুরি শুনানির আবেদন করা হবে।
ইমরান খানের পক্ষে মামলা লড়বেন এমজেডএম লিগ্যাল এলএলপির আইনজীবী জুলফিকার মেমন, পারভেজ মেমন ও চিরাগ নায়েক। আবেদনটি মুম্বাই হাইকোর্টের প্রধান বিচারপতি মহেশ চন্দ্র ত্রিপাঠি ও বিচারপতি অদ্বৈত শেঠনার ডিভিশন বেঞ্চে শুনানির জন্য উঠতে পারে।
ওসিআই প্রকল্পের আওতায় কার্ডধারীরা ভারতে আজীবন ভিসা ও বসবাসের সুযোগ পান। তবে এই কার্ড ভারতীয় নাগরিকত্ব দেয় না, তাই ভোট দেওয়া বা নির্বাচনে প্রার্থী হওয়ার মতো রাজনৈতিক অধিকারও কার্ডধারীদের নেই।
বিজ্ঞাপন
ভারতের ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট, ২০২৫ অনুযায়ী কোনো বিদেশিকে ভারত বা দেশটির নির্দিষ্ট কোনো এলাকা ছাড়ার নির্দেশ দেওয়ার ক্ষমতা কেন্দ্রীয় সরকারের রয়েছে। ইমরানের বিরুদ্ধে নেওয়া এই প্রশাসনিক পদক্ষেপের বৈধতাই এবার আদালতে চ্যালেঞ্জ করছেন অভিনেতা।