কুড়িগ্রামে ঘন কুয়াশা, শীতের আগমনী বার্তা
সদরসহ সব উপজেলায় সকালে কুয়াশা, রাজারহাটে তাপমাত্রা ২১ ডিগ্রিতে নেমে আসা
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি · কুড়িগ্রাম
প্রকাশ:
শরতের শেষ দিকে হেমন্তের প্রথম লক্ষণ হিসেবে কুড়িগ্রাম জুড়ে শীতের আগমনী বার্তা পৌঁছেছে। গত কয়েক দিন ধরে জেলার আরও বেশিরভাগ এলাকায় সকালে ঘন কুয়াশা ও ঠান্ডা হাওয়ার প্রভাব পড়েছে। কিছু কিছু গ্রামে ঘাস ও গাছের পাতায় শিশিরবিন্দু জমতে দেখা গেছে।
বিজ্ঞাপন
রবিবার (১৮ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত সদর, রাজারহাট, রৌমারী, রাজিবপুর ও ফুলবাড়ীসহ জেলার সব উপজেলার গ্রামীণ সড়ক ও কৃষি মাঠ কুয়াশায় ঢাকা ছিল। স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যার পর থেকে কুয়াশা বাড়তে শুরু করে রাতের বেলায় তা আরও ঘন হয়ে যায়। শহরের তুলনায় গ্রামাঞ্চলে শীতের প্রভাব কিছুটা বেশি অনুভূত হচ্ছে। সকালে কুয়াশা কেটে সূর্যের আলো এলে দিনভর গরম থাকলেও বিকালের পর থেকে তাপমাত্রা আবার কমতে থাকে।
সদর উপজেলার ত্রিমোহণী এলাকার কৃষক সাইফুল ইসলাম বলছেন, কয়েক দিন ধরেই সকাল ও সন্ধ্যায় শীতের অনুভূতি হচ্ছে। তবে শনিবারের শীতের মাত্রা অন্য দিনের তুলনায় বেশি ছিল বলে তিনি মনে করেন।
পৌরবাজার এলাকার রিকশাচালক কাশেম আলী বলেন, ‘এলাও তো শীতের খবর তেমন হওয়ার কথা নয়। কিন্তু কয়দিন থাকি হামার এটে শীত পড়বার নাগছে। আগে খুব সকালে রিকশা ধরি বেরাছনো, এলা তিনদিন থাকি একনা দেরিত বেরাই। কুয়াশা থাকে, প্যাসেঞ্জার পাওয়াও মুশকিল।’
রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানিয়েছেন, রবিবার সকাল ৬টায় রাজারহাটে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ ডিগ্রি সেলসিয়াস। গত দুই-তিন দিন ধরে জেলার তাপমাত্রা ২০ থেকে ২১ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। আগামী দিনগুলোতে আবহাওয়ার অবস্থার ওপর ভিত্তি করে তাপমাত্রার আরও পরিবর্তন হতে পারে বলে তিনি উল্লেখ করেছেন।