প্রধানমন্ত্রীর হাত থেকে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ নিলেন রাকসুর ক্রীড়া সম্পাদক নার্গিস
‘ক্রীড়া উন্নয়ন’ ক্যাটাগরিতে তিনি ক্রেস্ট ও সার্টিফিকেট পেয়েছেন
নিজস্ব প্রতিবেদক · ঢাকা
প্রকাশ:
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ক্রীড়া সম্পাদক ও জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় মোছা. নার্গিস খাতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’ গ্রহণ করেছেন। ক্রীড়া উন্নয়নে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ পুরস্কার দেওয়া হয়।
বিজ্ঞাপন
গত শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৩টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬ ও অনুদান প্রদান’ অনুষ্ঠানে তিনি পুরস্কার নেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এর আগে গত ১১ অক্টোবর যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে পাঠানো এক চিঠিতে নার্গিস খাতুনকে পুরস্কারের জন্য চূড়ান্তভাবে মনোনীত করার কথা জানানো হয়। ‘ক্রীড়া উন্নয়ন’ ক্যাটাগরিতে তিনি এ মনোনয়ন পান।
পুরস্কার পাওয়ার অনুভূতি জানিয়ে নার্গিস খাতুন বলেন, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬-এর ক্রীড়া উন্নয়ন ক্যাটাগরিতে রাষ্ট্রীয় পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করা আমার জন্য অত্যন্ত গর্বের এবং আনন্দের। এ উদ্যোগের জন্য তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হকের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
নার্গিস খাতুন রাকসু নির্বাচনে ছাত্রদল-সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত একমাত্র প্রার্থী। রাকসুর ক্রীড়া সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় হিসেবেও তিনি দেশের ক্রীড়াঙ্গনে অবদান রাখছেন।