ঝিনাইদহে সার ডিলার নিয়োগের প্রতিবাদে জামায়াতের মানববন্ধন, ডিসিকে হুঁশিয়ারি
পায়রা চত্বরে প্রায় দেড় ঘণ্টার কর্মসূচিতে ছয় উপজেলার শত শত নেতাকর্মী অংশ নেন
ঝিনাইদহ জেলা প্রতিনিধি · ঝিনাইদহ
প্রকাশ:
জেলা প্রশাসক মো. নোমান হোসেন প্রিন্সের বিরুদ্ধে ক্ষোভ ঝেড়েছেন ঝিনাইদহ জামায়াতে ইসলামীর নেতারা। তাঁদের অভিযোগ, জেলায় বিসিআইসি সারের ডিলার নিয়োগে দুর্নীতি, স্বজনপ্রীতি ও আওয়ামীকরণ হয়েছে। বিতর্কিত এসব নিয়োগ বাতিল করে স্বচ্ছভাবে নতুন করে ডিলার বাছাইয়ের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়, আর সেখান থেকেই জেলা প্রশাসককে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়। জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল হাই সমাবেশে বলেন, ‘সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারলে হাতে চুড়ি পরে বসে থাকুন।’
বিজ্ঞাপন
ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে রোববার (১৮ অক্টোবর) সকালে জেলা জামায়াতের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। আগে ঘোষিত আলটিমেটাম অনুসারে আয়োজিত সমাবেশটি চলে প্রায় দেড় ঘণ্টা। জেলার ছয়টি উপজেলা থেকে দলটির শত শত নেতাকর্মী যোগ দেন।
প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির আলী আজম মো. আবু বকর। তিনি বলেন, কৃষকদের জিম্মি করতে কৃত্রিম সারসংকট তৈরির উদ্দেশ্যে ঝিনাইদহে সারের ডিলার নিয়োগে নজিরবিহীন দুর্নীতি ও ব্যাপক আওয়ামীকরণ ঘটানো হয়েছে বলে তাঁরা মনে করেন। ফ্যাসিবাদী আমলে নিয়োগ পাওয়া ডিলারদের কারণে কৃষকেরা এমনিতেই দিশেহারা, এমন মন্তব্যও করেন তিনি।
আবু বকর আরও বলেন, সংকটময় এই সময়ে অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে আপসহীন প্রতিবাদ চালিয়ে যাচ্ছে জামায়াতে ইসলামী। তাঁর দাবি, বিতর্কিত সার-বীজ মনিটরিং কমিটি এবং দলীয় বিবেচনায় দেওয়া সব ডিলারশিপ বাতিল করে স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন নিয়োগ দিতে হবে।
জেলা প্রশাসকের ভূমিকা নিয়ে সহকারী সেক্রেটারি আব্দুল হাই বলেন, দুর্নীতির খুঁটি হিসেবে গড়ে তোলা হয়েছে জেলা প্রশাসকের কার্যালয়কে। দায়িত্ব পালনে ব্যর্থ হলে পদ ছাড়ার আহ্বান জানানোর পাশাপাশি তিনি জেলা প্রশাসককে অবমাননাকর ভাষায় আক্রমণ করেন এবং তাঁর উদ্দেশে চুড়ি পাঠানোর কথাও বলেন।
বিজ্ঞাপন
কথিত অভ্যন্তরীণ সিন্ডিকেটের অভিযোগ তুলে আব্দুল হাই আরও বলেন, জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা পরিষদ আত্মীয়স্বজনের যোগসাজশে চলছে। দ্রুত সংশোধন না হলে দুর্নীতির বিরুদ্ধে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।
এ ছাড়া মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আউয়াল, ঝিনাইদহ জেলা জামায়াতের নায়েবে আমির ও সম্ভাব্য পৌর মেয়র প্রার্থী আব্দুল আলিম, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মো. মতিয়ার রহমান, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব, সদর উপজেলা জামায়াতের আমির ড. হাবিবুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।