গজারিয়ায় নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
ফুলদী নদীতে পাঁচ বন্ধু গোসল করতে নেমেছিল, চারজন সাঁতরে উঠে আসে
মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি · গজারিয়া, মুন্সিগঞ্জ
প্রকাশ:
মুন্সিগঞ্জের গজারিয়ার ভাটের চর এলাকায় ফুলদী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছিল প্রথম শ্রেণীর শিক্ষার্থী মো. আবু বক্কর সিদ্দিকী রাফি (৭)। রবিবার তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
বিজ্ঞাপন
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, শনিবার (১৭ অক্টোবর) বেলা ২টা ৪৮ মিনিটে গজারিয়া ফায়ার স্টেশনে খবর আসে, উপজেলার মধ্য ভাটের চর এলাকায় ফুলদী নদীতে পাঁচ বন্ধু গোসল করতে নেমেছে। এ সময় চারজন সাঁতরে নদী থেকে উঠে আসতে পারলেও শিশু মো. আবু বক্কর সিদ্দিকী রাফি নিখোঁজ হয়ে যায়।
খবর পেয়ে গজারিয়া ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। পরবর্তীতে মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের একটি ডুবুরি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে খুঁজে বের করার অভিযান শুরু করে।
রবিবার (১৮ অক্টোবর) সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযানের প্রস্তুতি নেওয়ার সময় ফুলদী নদীতে শিশুটির মরদেহ ভেসে ওঠার খবর পাওয়া যায়। এরপর স্থানীয় লোকজন মরদেহটি তুলে স্বজনদের কাছে হস্তান্তর করেন।
মো. আবু বক্কর সিদ্দিকী রাফির বাবার নাম খায়রুল ইসলাম। সে গজারিয়ায় একটি ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকত। তাদের স্থায়ী নিবাস নড়াইল জেলায় কালিয়া থানার নড়াগাতী গ্রামে।