ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাতের পর গণপিটুনিতে যুবকের মৃত্যু
ছুরিকাঘাতে আহত ওয়ার্ড বিএনপির সভাপতি হোসেন মাঝিকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে
ভোলা জেলা প্রতিনিধি · ভোলা
প্রকাশ:
ভোলা সদর উপজেলায় এক বিএনপি নেতাকে ছুরিকাঘাতে আহত করার ঘটনার পর গণপিটুনিতে আহত হাসিব (২৫) নামের এক যুবক মারা গেছেন। রোববার (১৮ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
বিজ্ঞাপন
হাসিব সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেদুয়া গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম ধলু হাওলাদার।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার (১৭ অক্টোবর) সকালে আগের বিরোধের জের ধরে রাজাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হোসেন মাঝির সঙ্গে হাসিবের বাগ্বিতণ্ডা হয়। এর জের ধরে ওই দিন সন্ধ্যায় হোসেনকে ছুরিকাঘাত করেন হাসিব, এমন অভিযোগ রয়েছে। স্থানীয় লোকজন আহত হোসেনকে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশালে পাঠানো হয়।
এদিকে হোসেনকে ছুরিকাঘাতের পর স্থানীয় জনতা বাজার এলাকায় হাসিবকে পেয়ে মারধর করেন। খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে একই হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে তিনি মারা যান।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বশির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।