বিজ্ঞপ্তির প্রতিবাদে জবিতে ক্ষুব্ধ শিক্ষার্থীদের গরুভোজের আয়োজন
প্রক্টর দফতরের বিজ্ঞপ্তি তুলে নেওয়াসহ চার দফা দাবি জানিয়ে ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসনকে ক্ষমা চাইতে বলেছিলেন শিক্ষার্থীরা
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
পশু জবাই সংক্রান্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিজ্ঞপ্তির প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য (ভিসি) ভবনের পাশে গরু জবাই করেছেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা। পূর্বঘোষিত ‘শুক্রবারের গরুভোজ’ কর্মসূচির অংশ হিসেবে সকাল ৮টার দিকে ভিসি ভবন ও গণিত ভবনের মধ্যবর্তী সড়কে গরুটি জবাই করা হয়।
বিজ্ঞাপন
ঘটনার সূত্রপাত গত বুধবার (১৪ অক্টোবর)। ক্যাম্পাসের পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও জনস্বাস্থ্য সুরক্ষার কারণ দেখিয়ে সেদিন প্রক্টর দফতর এক বিজ্ঞপ্তিতে পশু জবাই নিষিদ্ধ ঘোষণা করে। বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়, নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এই নিষেধাজ্ঞা নিয়ে ব্যাপক বিতর্ক ও অসন্তোষ তৈরি হয়। প্রশাসনের সিদ্ধান্তের পরপরই শিক্ষার্থীরা প্রতিবাদ জানান। জকসুর সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) মাসুদ রানা ‘জবিয়ানদের গরু ভোজ কর্মসূচি’ আয়োজনের ঘোষণা দেন। শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য ৭০ টাকা ফি ধরে একটি অনলাইন নিবন্ধনের লিংকও প্রকাশ করা হয়। আন্দোলনের মুখে শিক্ষার্থীরা এক লাখ ২৫ হাজার টাকা দিয়ে একটি গরু কিনে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
একই দিন রাতে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে জকসুর ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন শিক্ষার্থীরা। সমাবেশ থেকে প্রক্টর দফতরের বিজ্ঞপ্তি তুলে নেওয়া এবং ক্যাম্পাসে ধর্মীয় সম্প্রীতি নিশ্চিত করাসহ চার দফা দাবি পেশ করা হয়। ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসন ক্ষমা না চাইলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয় তখন।