ভিসি নিয়োগ নিয়ে সমালোচনার জবাব দিলেন পিবিপ্রবির উপাচার্য ছবিরুল ইসলাম
ঈদ-ই-মিলাদুন্নবীর অনুষ্ঠানে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে প্রধান অতিথির বক্তব্যে নিজের নিয়োগ নিয়ে কথা বলেন তিনি
পিরোজপুর জেলা প্রতিনিধি · পিরোজপুর
প্রকাশ:
অধ্যাপক ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পিবিপ্রবি) উপাচার্য। আরবি বিভাগের অধ্যাপক হওয়া সত্ত্বেও বিজ্ঞান ও প্রযুক্তির একটি বিশ্ববিদ্যালয়ে তাঁকে উপাচার্য করায় সামাজিক যোগাযোগমাধ্যমে যে সমালোচনা চলছে, এবার সে বিষয়ে মুখ খুলেছেন তিনি।
বিজ্ঞাপন
ওই সমালোচনার জবাবে তিনি বলেন, ‘অনেকে বলে ছবিরুল ইসলাম ভিসি হইলো কেমনে। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর দেবে হাসিনার স্বামী ড. ওয়াজেদ মিয়াকে, কবর থেকে আইনা ভিসি বানায়ে দেবে, তাহলে এটা সায়েন্স (বিজ্ঞান) হয়ে যাবে, নাহ।’
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষ্যে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে একটি অনুষ্ঠান হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে দেওয়া বক্তব্যেই তিনি এসব কথা বলেন।
নিয়োগের পর পরিস্থিতি কেমন ছিল, সে প্রসঙ্গে অধ্যাপক ছবিরুল ইসলাম হাওলাদার বলেন, ‘আমি যখন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেলাম, তখন পিরোজপুরের ফেসবুক পুরো গরম হয়ে গেছে, ফেসবুক পুরা আগুন, পত্রপত্রিকায় জ্বলছে। বিভিন্ন মানুষ এখান থেকে ঢাকা, ঢাকা থেকে রাজশাহী—কিছু লোকের মধ্যে খালি জ্বালা-যন্ত্রণা।’
নিজের নিয়োগ প্রসঙ্গে ওই বক্তব্যে তিনি আরও বলেন, ‘আমাকে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ দিয়েছে, আল্লাহ নিয়োগ করাইছে জনাব তারেক রহমানকে দিয়ে। কী কারণে? ছোটবেলা থেকেই কোরআন ও রাসুল (সা.)-কে ভালোবেসেছি, সাধ্যমতো সেই অনুযায়ী আমল করার চেষ্টা করেছি। পৃথিবীর কোনো মানুষকে খুশি করার জন্য কাজ করিনি, ভবিষ্যতেও করবো না।’
বিজ্ঞাপন
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের তিনি পরামর্শ দেন, তাঁরা যেন নিজেদের নিয়ত সহিহ রাখেন। তাহলে আল্লাহ তাঁদের দুনিয়াতে ইজ্জত ও সম্মান দেবেন বলেও জানান তিনি।
প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আরবি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদারকে গত ৮ জুন পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়। তারপর থেকেই এ নিয়ে নানা মাধ্যমে আলোচনা ও সমালোচনা হচ্ছে।