কিমো পলের বদলি স্প্রিঙ্গার, বাংলাদেশ সফরে নেই শাই হোপও
ভারত সফরে টি-টোয়েন্টি সিরিজ ২-২ সমতায় শেষ করে ঢাকায় আসছে ওয়েস্ট ইন্ডিজ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
বাংলাদেশ সফরের আগে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে বদল এসেছে। পেস বোলিং অলরাউন্ডার কিমো পল ব্যক্তিগত ও পারিবারিক কারণে দেশে ফিরে যাচ্ছেন। তার জায়গায় দুই ম্যাচের টেস্ট সিরিজের দলে ডাক পেয়েছেন শামার স্প্রিঙ্গার। ২৮ বছর বয়সী এই অলরাউন্ডার এখনো ক্যারিবীয়দের হয়ে টেস্ট অভিষেকের অপেক্ষায় আছেন।
বিজ্ঞাপন
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘ব্যক্তিগত ও পারিবারিক কারণে’ দেশে ফিরবেন পল। তার বিকল্প হিসেবে দলে নেওয়া হয়েছে স্প্রিঙ্গারকে।
আন্তর্জাতিক ক্রিকেটে স্প্রিঙ্গার এ পর্যন্ত তিনটি ওয়ানডে ও ১২টি টি-টোয়েন্টি খেলেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৩ ম্যাচে ৩২.৫৯ গড়ে তার রান ১ হাজার ৪৩। বল হাতে তিনি নিয়েছেন ৫৮ উইকেট, গড় ২৭.৮৭।
২০২৬ সালের ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপে বার্বাডোজের হয়ে ব্যাট হাতে ভালো সময় কেটেছে স্প্রিঙ্গারের। চার ম্যাচে ৫০.২০ গড়ে তিনি করেছেন ২৫১ রান। বোলিংয়ে সাফল্য তুলনামূলক কম ছিল, আট ইনিংসে ৪২ গড়ে পেয়েছেন সাত উইকেট।
পলের বিকল্প হিসেবে ওজে শিল্ডস ও নাইয়াল স্মিথের নামও আলোচনায় ছিল। সিডব্লিউআই জানিয়েছে, চোটের কারণে এই দুজনের কেউই দলে জায়গা পাওয়ার দৌড়ে ছিলেন না।
বিজ্ঞাপন
পল ছাড়াও বাংলাদেশ সফরে থাকছেন না সাদা বলের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপ, তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। কাজের চাপ নিয়ন্ত্রণে রাখতে পেসার আলজারি জোসেফকেও দল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। শুরুতে জোসেফের বদলেই দলে এসেছিলেন পল।
পল ও স্প্রিঙ্গার ভারত সফরে ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের দলেও ছিলেন। শনিবার বেঙ্গালুরুতে বৃষ্টিতে শেষ টি-টোয়েন্টি পরিত্যক্ত হওয়ার মধ্য দিয়ে শেষ হয়েছে সেই সফর। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে ভারত। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হয়েছে ২-২ সমতায়।
বাংলাদেশে এসে আগামী ২২ থেকে ২৪ অক্টোবর ঢাকায় তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ক্যারিবিয়ানরা। এরপর ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর মিরপুরে হবে প্রথম টেস্ট। ৫ থেকে ৯ নভেম্বর সিলেটে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজের পরিবর্তিত দল: রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, তেজনারায়ণ চন্দরপল, জশুয়া ডা সিলভা (উইকেটকিপার), জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জাঙ্গু (উইকেটকিপার), শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, কেমার রোচ, জেইডেন সিলস, শামার স্প্রিঙ্গার ও কেভিন উইকহ্যাম।