সংঘর্ষের পর স্ট্রেচারে মাঠ ছাড়লেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
চেলসি-এভারটন ম্যাচে প্রায় ১০ মিনিট বন্ধ ছিল খেলা, হাসপাতালে নেওয়া হয়েছে মার্টিনেজকে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
চেলসি ও এভারটনের ম্যাচে ভয় ধরিয়ে দেওয়া এক ঘটনায় মাঠ ছাড়তে হয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে। শনিবার প্রিমিয়ার লিগে এভারটনের ডিফেন্ডার জ্যারাড ব্র্যান্থওয়েটের সঙ্গে তাঁর মাথায় সংঘর্ষ হয়। পরে মার্টিনেজকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয় এবং এরপর তাঁকে হাসপাতালে পাঠানো হয়।
বিজ্ঞাপন
চেলসির গোলমুখে একটি সেট পিসের সময় বলের দখল নিতে গিয়ে মার্টিনেজ ও ব্র্যান্থওয়েটের সংঘর্ষ হয়। সঙ্গে সঙ্গে মাঠে ছুটে যান চিকিৎসকেরা। প্রায় আট মিনিট মাঠেই মার্টিনেজকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। একপর্যায়ে তাঁর ঘাড় স্থির রাখতে মেডিক্যাল ব্রেস পরানো হয় এবং অক্সিজেন দেওয়া হয়। এরপর স্ট্রেচারে করে তাঁকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।
জানা গেছে, মাঠ ছাড়ার সময় মার্টিনেজ সচেতন ছিলেন। পরে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য তাঁকে হাসপাতালে নেওয়া হয়। তবে তাঁর চোটের ধরন সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি। পরীক্ষার ফল হাতে পাওয়ার পরই তাঁর শারীরিক অবস্থা নিয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
এই ঘটনার কারণে প্রায় ১০ মিনিট ম্যাচ বন্ধ ছিল। পরে মার্টিনেজের জায়গায় মাঠে নামেন বেলজিয়ান গোলরক্ষক মাইক পেন্ডার্স।