চিফ হুইপের বক্তব্য দায়িত্বজ্ঞানহীন: জামায়াত
ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী না জিতলে কাজ না দেওয়ার হুমকির নিন্দা জানিয়েছে দলটি
নিজস্ব প্রতিবেদক · ঢাকা
প্রকাশ:
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী জয়ী না হলে সংশ্লিষ্ট ইউনিয়নে সরকারের পক্ষ থেকে কোনও কাজ না দেওয়ার হুমকি দিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম মনি। এই হুমকির নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বিজ্ঞাপন
শনিবার (১৭ অক্টোবর) এক বিবৃতিতে এ নিন্দা জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
বিবৃতিতে তিনি বলেন, গত ১৫ অক্টোবর বামনা আসমাতুন্নেছা বালিকা বিদ্যালয় মাঠে বিএনপির এক দলীয় কর্মীসভায় চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম মনি বলেছেন, দলীয় মনোনীত প্রার্থী নির্বাচনে জয়ী না হলে সংশ্লিষ্ট ইউনিয়নে তিনি উন্নয়নকাজ করবেন না। এমন বক্তব্য দায়িত্বজ্ঞানহীন এবং মহান জাতীয় সংসদের সদস্য হিসেবে নেওয়া শপথের সঙ্গে সাংঘর্ষিক। জুবায়ের এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
অ্যাডভোকেট জুবায়েরের ভাষ্য অনুযায়ী, চিফ হুইপ তাঁর বক্তব্যে বলেছেন, দলীয় প্রার্থী নির্বাচনে জয়ী না হলে আপনাদের আলমারিতে দাঁড়িয়ে থাকতে হবে। অন্য কেউ জয়ী হলে আমার কাছে আসতে পারবেন না, আমি কোনও কাজ দেব না। ওই ইউনিয়নের কপাল পুড়বে। দল যাকে মনোনয়ন দেবে, তিনি জয়ী না হলে ওই ইউনিয়নে কোনও কাজ হবে না। জুবায়ের বলেন, এ ধরনের বক্তব্য স্থানীয় সরকার ব্যবস্থায় চরম হস্তক্ষেপের হুমকি, স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধির লঙ্ঘন এবং জনগণের স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে ভীতি সঞ্চারের নগ্ন প্রয়াস।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের এমপি ও মন্ত্রীদের অনেকে অতীতের ফ্যাসিবাদী শাসকগোষ্ঠীর মতো কথা বলছেন, যা দেশের গণতান্ত্রিক উত্তরণকে বাধাগ্রস্ত করছে। নাগরিকদের মৌলিক অধিকার হরণ করে তাঁরা নিজেরাই নব্য ফ্যাসিবাদের পরিচয় ধারণ করছেন। চব্বিশের জুলাই বিপ্লব-পরবর্তী বাংলাদেশে এ ধরনের আচরণ অগ্রহণযোগ্য।
বিজ্ঞাপন
জুবায়ের সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের আচরণ, বক্তব্য কিংবা কর্মকাণ্ড থেকে বিরত থেকে জনগণের প্রত্যাশা পূরণে ভূমিকা রাখার আহ্বান জানান।