দক্ষিণ কেরানীগঞ্জে শিশু নিপীড়নের মামলায় প্রতিবেশী কামরুলের ১০ বছরের কারাদণ্ড
অর্থদণ্ড ৫০ হাজার টাকা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড; আসামি পলাতক
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ছয় বছর আগে এক শিশুকে যৌন নিপীড়নের মামলায় প্রতিবেশী কামরুলকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডিত আসামিকে একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড না দিলে তাকে আরও এক বছর কারাভোগ করতে হবে।
বিজ্ঞাপন
শনিবার (১৭ অক্টোবর) ঢাকার চতুর্থ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এরশাদ আলম জানান, সাজাপ্রাপ্ত কামরুল দক্ষিণ কেরাণীগঞ্জের নতুন বাক্তারচর এলাকার মৃত সিরাজের ছেলে। তিনি বর্তমানে পলাতক। তাই তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৫ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে মা ও ভাইয়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে এসেছিল ভুক্তভোগী শিশুটি। ওই দিন কামরুল খাবার খাওয়ানোর লোভ দেখিয়ে শিশুটিকে নিজের ঘরে ডেকে নেন এবং যৌন নিপীড়ন চালান। পরে স্থানীয়রা কামরুলকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। ঘটনার দিনই শিশুটির মা বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেন।
তদন্ত শেষে একই বছরের ১ মে দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। ২০১৯ সালের ২৫ ফেব্রুয়ারি কামরুলের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন আদালত। দীর্ঘ বিচার প্রক্রিয়ায় মোট ৯ জন সাক্ষীর সাক্ষ্য নিয়ে ট্রাইব্যুনাল এ রায় দেন।