হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ হাজার ৩৫ জন
১৫ মার্চ থেকে হামের উপসর্গে ১ হাজার ৮৫ শিশুর মৃত্যু হয়েছে, হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৪ শিশু
স্বাস্থ্য ডেস্ক · ঢাকা
প্রকাশ:
সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় এসব মৃত্যু ঘটে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৫ জন।
বিজ্ঞাপন
স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গে দেশে ১ হাজার ৮৫ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৪ শিশু। এতে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যু ১ হাজার ১৮৯ জনে পৌঁছেছে।
অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হামের রোগী ৯৫০ জন এবং নিশ্চিত হাম শনাক্ত ৮৫ জনের। এভাবে ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৩৫ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।
১৫ মার্চ থেকে আজ পর্যন্ত সন্দেহজনক হামের রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৮৮ হাজার ৪৫২ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৮০ হাজার ৮৪৮ জন।
অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত ২ লাখ ১১ হাজার ৯৯০ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এই সময়ের মধ্যে হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ৫৭ জনের।