প্রবাসীরা বিদেশে বসেই ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন
জমা অর্থ ও মুনাফা বিদেশে ফেরত নেওয়া এবং জমার বিপরীতে ঋণ নেওয়ার সুযোগও যুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক।
প্রবাস ডেস্ক · ঢাকা
প্রকাশ:
নন-রেসিডেন্ট কনভার্টিবল টাকা অ্যাকাউন্টের (এনআরসিটিএ) নিয়মে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে প্রবাসীরা বিদেশে বসেই অনলাইনে ব্যাংক হিসাব খুলতে ও পরিচালনা করতে পারবেন। সঙ্গে হিসাবের জমা অর্থ ও অর্জিত মুনাফা বিদেশে ফেরত নেওয়া, দেশে বিনিয়োগ এবং জমার বিপরীতে ঋণ নেওয়ার সুবিধাও যুক্ত হয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার (১০ অক্টোবর) রাতে কেন্দ্রীয় ব্যাংকের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন নিয়ম অনুযায়ী, অফশোর ব্যাংকিং ইউনিটের পাশাপাশি অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকেও এনআরসিটিএ হিসাব খুলতে পারবেন প্রবাসীরা। সঞ্চয়ী, চলতি ও মেয়াদি আমানত, এই তিন ধরনের হিসাবের যেকোনোটি পছন্দমতো বেছে নেওয়া যাবে।
অনলাইন ও ই-ব্যাংকিংয়ের মাধ্যমে বিদেশে বসেই হিসাব খোলা ও পরিচালনা করা যাবে। বিদেশে উপার্জিত অর্থ ব্যাংক, এক্সচেঞ্জ হাউস, মানি ট্রান্সফার অপারেটর কিংবা নিজস্ব বৈদেশিক মুদ্রা হিসাব থেকে সরাসরি এ হিসাবে জমা রাখার সুযোগ থাকবে।
এ হিসাবের অর্থ দেশে ব্যক্তিগত খরচ মেটাতে, অন্য ব্যাংক হিসাবে স্থানান্তর করতে এবং সরকার অনুমোদিত খাতে বিনিয়োগে ব্যবহার করা যাবে। জমা অর্থ জামানত রেখে ব্যাংক থেকে ঋণ নেওয়ার সুযোগও থাকছে।
বিজ্ঞাপন
নতুন নিয়মে হিসাবের মূল টাকা এবং এর বিপরীতে অর্জিত সুদ বা মুনাফা বিদেশে ফেরত নেওয়া যাবে। প্রবাসীদের অর্থ নিরাপদে জমা রাখা, দেশে অর্থ ব্যবহারের সুযোগ বাড়ানো এবং বৈধ বিনিয়োগ উৎসাহিত করাই বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগের লক্ষ্য।