প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শেরেবাংলা নগরে সমাধিতে শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক · ঢাকা
প্রকাশ:
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দীর্ঘ ১৭ বছর প্রতিকূল পরিস্থিতিতে প্রবাসে থেকেও দেশের প্রতিটি সংকট ও দুর্যোগে মানুষের পাশে ছিলেন তারেক রহমান।
বিজ্ঞাপন
রোববার (১৮ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফাতেহা পাঠ করা হয়। এর পর রিজভী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই কবর জিয়ারতের আয়োজন করা হয়।
ফাউন্ডেশনের কার্যক্রম প্রসঙ্গে রিজভী জানান, তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বেই সংগঠনটি শুধু জাতীয় পর্যায়ে সীমাবদ্ধ না থেকে দেশের একদম প্রান্তিক এলাকায়ও পৌঁছাতে পেরেছে। করোনা মহামারি, অতিবৃষ্টি, বন্যা কিংবা শীতের প্রকোপ—জাতীয় যেকোনো সংকটে বিদেশে থেকেও তিনি নিয়মিত নির্দেশনা দিয়েছেন এবং মানবিক সহায়তা পাঠিয়েছেন।
ফ্যাসিবাদী দুঃশাসনের কঠিন সময়েও ফাউন্ডেশন তরুণ ও কিশোরদের বিজ্ঞান ও শিক্ষায় আগ্রহী করে তুলতে অনলাইনে সাইন্স এক্সিবিশনসহ নানা ব্যতিক্রমী কর্মসূচি চালিয়েছে বলে উল্লেখ করেন তিনি। দুর্ঘটনায় পঙ্গু হয়ে যাওয়া মানুষকে কৃত্রিম পা সংযোজন, বৃক্ষরোপণ এবং চিকিৎসা সহায়তা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার মতো অসংখ্য মানবিক কাজও সংগঠনটি করে আসছে।
বিএনপির শীর্ষ নেতাদের পাশাপাশি অনুষ্ঠানে ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. ফরহাদ হালিম ডোনার ও ড. মোর্শেদ হাসান খান। দেশের প্রখ্যাত চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক ও জ্যেষ্ঠ পেশাজীবীরাও উপস্থিত ছিলেন।