চীনের কাছে বিদ্যুৎ খাতের প্রকল্পে দ্রুত অর্থায়ন চায় বাংলাদেশ
পায়রা সম্প্রসারণ, স্মার্ট গ্রিড ও ডিপিডিসির নেটওয়ার্ক প্রকল্পে চায়না এক্সিম ব্যাংকের সঙ্গে বৈঠক
অর্থনীতি ডেস্ক · ঢাকা
প্রকাশ:
পায়রা বিদ্যুৎকেন্দ্র সম্প্রসারণ, স্মার্ট গ্রিড ও নিয়ন্ত্রণব্যবস্থা নির্মাণ এবং ডিপিডিসির নেটওয়ার্ক উন্নয়নের জন্য দ্রুত অর্থায়নের বিষয়টি বিবেচনা করতে চায়না এক্সিম ব্যাংকের কাছে অনুরোধ জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে বৈঠক করেন চায়না এক্সিম ব্যাংকের প্রেসিডেন্ট ওয়াং চুনইং। বৈঠকে মন্ত্রী ব্যাংকটিকে এ অনুরোধ জানান। দুই পক্ষ বিদ্যুৎ খাতে দ্বিপক্ষীয় সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা এগিয়ে নেওয়ার উপায় নিয়ে আলোচনা করে।
বিদ্যুৎমন্ত্রী প্রতিনিধিদলকে বলেন, দেশের উন্নয়ন ও প্রবৃদ্ধির ভিত্তি হলো স্থিতিশীল বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ। নবায়নযোগ্য জ্বালানিনীতি ২০২৬-এর আওতায় বাংলাদেশের পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তরের কথা উল্লেখ করে তিনি ভবিষ্যৎ অর্থায়ন দ্রুত করার অনুরোধ জানান। বিশেষ করে জাতীয় গ্রিডের নিয়ন্ত্রণব্যবস্থা উন্নত করে স্মার্ট গ্রিড নির্মাণ, পায়রা বিদ্যুৎকেন্দ্রের পরবর্তী পর্যায়ের সম্প্রসারণ এবং ডিপিডিসির সঞ্চালন লাইন শক্তিশালী করার ওপর জোর দেন তিনি। এ ছাড়া বাংলাদেশে ব্যাংকটির অর্থায়নে চলা প্রকল্পগুলো পরিদর্শনের জন্য চায়না এক্সিম ব্যাংকের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানান মন্ত্রী।
বৈঠকে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র প্রকল্প, পাওয়ার গ্রিড নেটওয়ার্ক শক্তিশালীকরণ প্রকল্প (জিটুজি) এবং ডিপিডিসি এলাকায় বিদ্যুৎ নেটওয়ার্ক সম্প্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়ন নিয়ে আলোচনা হয়। ভবিষ্যতে বিদ্যুৎ খাতের বিভিন্ন প্রকল্পে চায়না এক্সিম ব্যাংকের অর্থায়নের বিষয়টিও গুরুত্ব পায়।
চায়না এক্সিম ব্যাংকের প্রেসিডেন্ট ওয়াং চুনইং বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে ব্যাংকটির অব্যাহত সহযোগিতার কথা আবারও জানান। সবুজ জ্বালানি খাতে জাতীয় রাজস্ব বোর্ডের সাম্প্রতিক বিনিয়োগবান্ধব শুল্ক ও কর হ্রাসের উদ্যোগকে তিনি স্বাগত জানান।
বিজ্ঞাপন
তিনি ভূমিতে স্থাপিত ও ভাসমান সৌরবিদ্যুৎ, বায়ুশক্তি এবং বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন প্রকল্পে অর্থায়ন ও কারিগরি দক্ষতা বিনিময়ে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে উভয় পক্ষ জিটুজি গ্রিড শক্তিশালীকরণ এবং ডিপিডিসির নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্পের অর্থায়ন অনুমোদন দ্রুত করতে প্রাতিষ্ঠানিক পর্যায়ে সাড়া দেওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত করার বিষয়ে একমত হয়। বাংলাদেশের বিদ্যুৎ খাতকে শক্তিশালী ও স্থিতিশীল করতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও একমত হন তাঁরা।
বৈঠকে ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম এবং বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।